Home খেলাধুলা বছরের প্রথম জয় পেল আল নাসর

বছরের প্রথম জয় পেল আল নাসর

7


ক্রীড়া ডেস্ক।।

২০২৬ সালের শুরুটা মোটেই ভালো কাটছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের। টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে বছরের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল সৌদি ক্লাবটি। শনিবার রাতে আল আউয়াল পার্কে নাটকীয় এক ম্যাচে আল শাবাবকে ৩-২ গোলে হারিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ম্যাচে দুই দলই আত্মঘাতী গোল করলেও শেষ পর্যন্ত স্বস্তির হাসি হাসেন স্বাগতিকরাই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। জোয়াও ফেলিক্সের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে বিপত্তি বাধান আল শাবাবের সাদ ইয়াসলাম। বল জড়িয়ে যায় নিজের জালেই, হঠাৎ করেই লিড পেয়ে যায় আল নাসর।

এরপর মাত্র ছয় মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করে দলটি। আবারও ফেলিক্সের ক্রস থেকে তৈরি সুযোগে চোখধাঁধানো ওভারহেড কিকে গোল করেন কিংসলে কোমান। ২-০ গোলে এগিয়ে তখন বড় জয়ের ইঙ্গিতই দিচ্ছিল আল নাসর।

তবে আল শাবাব সহজে হার মানেনি। ৩১ মিনিটে ম্যাচে ফেরে তারা। ডান দিক থেকে হাম্মাম আল হাম্মামির ক্রসে বল সামলাতে গিয়ে আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান ভুল করেন। তার পা ছুঁয়ে বল ঢুকে যায় নিজের জালেই।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণ বাড়ায় আল শাবাব। মাঝ মাঠে ইয়ানিক কারাসকোর নিয়ন্ত্রণে খেলার গতি পান অতিথিরা। তার থ্রু পাস ধরে বক্সে ঢুকে কার্লোস জুনিয়র ঠাণ্ডা মাথায় গোল করলে ম্যাচে সমতা ফিরে আসে। দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসায় জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আল শাবাব। কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা আসে ভিনসেন্ট সিয়েরোর লাল কার্ডে। কিংসলে কোমানের ওপর দেরিতে ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের দলে পরিণত হয় আল শাবাব।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে দেরি করেনি আল নাসর। একের পর এক আক্রমণের পর ৭৬ মিনিটে আসে কাক্সিক্ষত জয়সূচক গোল। বক্সের ভেতরে ওয়েসলির শট প্রথমে ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে ঠিক জায়গায় ছিলেন আবদুলরাহমান ঘারিব। তার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। এই গোলেই নিশ্চিত হয় ২০২৬ সালে আল নাসরের প্রথম জয়। এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৩৮, তাদের হাতে রয়েছে একটি ম্যাচ অতিরিক্ত। অন্যদিকে ১৫ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে তালিকার ১৫ নম্বরে অবস্থান করছে আল শাবাব।