Home Lead ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা, তদন্তের নির্দেশ

ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা, তদন্তের নির্দেশ

42

স্টাফ রিপোর্টার।।

ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা আবেদন গ্রহণ করেছেন আদালত। খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

এর আগে রবিবার আদালতে আরজি পেশ করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

মামলার আইনজীবী বাবুল হাওলাদার খুলনা গেজেটকে জানান, রবিবার আরজি দাখিল করা হয়। সোমবার আদালত তা গ্রহণ করে তদন্তের নির্দেশ প্রদান করেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন।

অভিযোগে আরও বলা হয়, এ ধরনের বক্তব্যে আরাফাত রহমান কোকো ও জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। গত ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানাধীন সি অ্যান্ড বি এলাকায় কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থানকালে বাদী এসব বক্তব্য শোনেন ও দেখেন।

মামলার বাদী মো. জহিরুল ইসলাম বাপ্পি বলেন, আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তি ও অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে। এ কারণে তিনি আদালতে আবেদন করেন। আদালত আবেদন আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমির হামজার বক্তব্য প্রত্যাহার করে তাকে আইনের আওতায় আনতে হবে। আরাফাত রহমান কোকো একটি জনপ্রিয় পরিবারের সন্তান এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি সবাইকে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

মামলার আইনজীবী বাবুল হাওলাদার জানান, আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।