মোংলা প্রতিনিধি
অস্ত্র-গুলি ও মাদকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। খুলনার বাঘমারার চেয়ারম্যান বাড়ী সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কোস্ট গার্ড সদস্যরা খুলনার বাঘমারার চেয়ারম্যান বাড়ী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে নানাবিধ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয় আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে খুলনার বাঘমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাঁজা গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।











































