Home আঞ্চলিক খানজাহান আলী থানার জাব্দিপুরে যুবক গুলিবিদ্ধ: ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশি...

খানজাহান আলী থানার জাব্দিপুরে যুবক গুলিবিদ্ধ: ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশি শটারগান উদ্ধার

28

স্টাফ রিপোর্টার ॥


নগরীর খানজাহান আলী থানাধীন জাব্দিপুর বউ বাজার এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে রানা ওরফে কালারানা (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (গতকাল) রাত আনুমানিক ৮টার দিকে এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাব্দিপুর বউ বাজার এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন রানা। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)-এ নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রানা পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

আহত রানা আড়ংঘাটা থানাধীন তেলিগাতী এলাকার হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা এবং একটি দেশি তৈরি শটারগান উদ্ধার করা হয়। আলামতগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তদের গুলিতে রানা (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি দেশি তৈরি শটারগান উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।