ঢাকা অফিস।।
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে, আমরা সেই পথ ধরে, তার দেখার পথ ধরেই আমরা এগিয়ে যাবো, জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারব, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারব, স্বাধীনতা স্বাধীনতাকে ধরে রাখতে পারব, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব। সুতরাং তিনি যে প্রেরণা তিনি যে নিজের যন্ত্রণা সহ্য করে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাবো।
গতকাল শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের বড় পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার (খালেদা জিয়ার) যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন, এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব যার জন্য প্রায় ৪৫/৪৬ বছর লড়াই করে গেছেন, নিরন্তর লড়াই করে গেছেন, নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।
আওয়ামী লৗগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন-নির্যাতন করা, চিকিৎসা না দেয়া, ভুল চিকিৎসা দেয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, এর মধ্যে বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার অশুভ চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, তার যে ধৈর্য্য, আত্ম সংগ্রাম, তার যে সাহস, তার যে দঢ় প্রত্যয় যেকোনো হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যায় না, তার জলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, আমরা তাকে হারিয়েছি, বাংলাদেশ এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ জনগণের নেত্রী তাকে আমরা হারিয়েছি। আজকে জাতীয়তাবাদী মহিলা দল আব্বাস আহমেদের নেতৃত্বে তারা এখানে দোয়া করেছেন, তার রুহের মাগফিরাতের মাগফিরাতের জন্য। গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে তখন আমরা আর কি বলব? কেন এটি হয়েছে? কেন পরশুদিন সারা ঢাকা শহর মানুষের জনস্রোত জানাজায় আসার যে দৃশ্য আমরা দেখেছি এটি তো অভূতপূর্ব। আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, মানব কল্যাণের নেত্রীকে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে। কিন্তু তার আত্মসংযমের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিকৃত হয়, আর যারা সৌজন্য বোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও, হাজার বাজে কথা বলার পরেও যিনি একটি মাত্র খারাপ শব্দ, বাজে শব্দ তিনি উচ্চারণ করেন না তাকেই আল্লাহ মহিমান্বিত করেন। আজকে দেখুন পরশুদিন থেকে জনতার ঢাল নেমেছে এই কবর প্রাঙ্গনে। সারা বাংলাদেশের মানুষ আসছে, দোয়া করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য।
এর আগে সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবরে যান এবং পুস্পস্তবক অর্পণ করেন। পরে নেত্রীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতের অংশ নেন নেতা-কর্মীরা।









































