Home খেলাধুলা ফুটবলেই ফিরতে চান সাবিনা আপাতত লক্ষ্য সাফ ফুটসাল

ফুটবলেই ফিরতে চান সাবিনা আপাতত লক্ষ্য সাফ ফুটসাল

7


স্পোর্টস রিপোর্টার

২০২৪ সালে সাবিনা খাতুনের নেতৃত্বে নেপালের দশরথ রঙ্গশালায় দ্বিতীয়বার সাফের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ। কিন্তু সেই সোনালি সাফল্যের পরপরই জাতীয় দলের কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধে জড়িয়ে দৃশ্যপট থেকে অনেকটা সরে গেছেন তিনি। জাতীয় ফুটবল দলের দরজা আপাতত বন্ধ তবে এবার ফুটসাল দলের অধিনায়ক হিসেবে থাইল্যান্ড অভিযানে যাচ্ছেন তিনি।
গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবিনা বলেন ‘ফুটবল ছাড়ার সময় এখনো আসেনি।’ থাইল্যান্ডে ১৩-২৫ জানুয়ারি হবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ফুটবল ছেড়ে কেবল ফুটসালেই থিতু হচ্ছেন কি না এমন প্রশ্নে সাবিনা বলেন, ‘কবে ফুটসাল বা ফুটবল ছাড়বো, সেটি আমিই ঠিক করবো। আমি যে কেবল ফুটসালের প্রতি নিবেদিত, বিষয়টি এমন নয়। আগে খেলার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে যদি বাকি মেয়েদের সহায়তা করতে পারি, তবে খেলবো না কেন? তাই এটা মনে করার কারণ নেই যে সাবিনা আর ফুটবল খেলবে না।’
সাফ ফুটবলে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে দুইবার চ্যাম্পিয়ন করেন সাবিনা। মাত্র দেড় মাসের প্রস্তুতি নিয়ে ফুটসালে এমন বড় স্বপ্ন এখনই দেখাচ্ছেন না তিনি। টুর্নামেন্ট শুরুর আগে তিনি বলেন, ‘ফুটসালে অভিজ্ঞতার দিক থেকে মালদ্বীপ ও ভারত এগিয়ে থাকবে। বাকিরা আমাদের মতোই নতুন। সেই জায়গা থেকে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো।’ ফুটবলারদের নিয়ে ফুটসালের ছক সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে ইরানি কোচ সাইদ খোদারাহমিকে। তার মতে, দলের সবাই মূলত ফুটবলার, ফুটসালের ব্যাকরণ তাদের কাছে একদমই নতুন। খোদারাহমি বলেন, ‘আমাদের কোনো বিশেষায়িত নারী ফুটসাল খেলোয়াড় নেই। তারা নিয়মকানুনগুলোও ঠিকঠাক জানতো না। বর্তমানে আমরা তাদের খুঁটিনাটি শেখানোর চেষ্টা করছি।’
নারী দলের পাশাপাশি বাংলাদেশের পুরুষ দলও একই টুর্নামেন্টে অংশ নিতে আজ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছে। দেশ ছাড়ার আগে পুরুষ দলের সহ-অধিনায়ক তুহিন বলেন, ‘আমরা আসলে এখানে প্রথমবার খেলতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি ভালো। আমাদের লক্ষ্য তো থাকবে স্বর্ণ জেতা। প্রতিপক্ষরা ভালো দল এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমাদের দিক থেকে ভালো প্রস্তুতি নিয়েছি।’ বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘নির্বাচনের পর আমরা সরকারের কাছে ফেডারেশন থেকে ফুটসাল স্টেডিয়ামের ব্যাপারে আলোচনা করব। অবশ্যই ঘরোয়া পর্যায়ে ফুটসাল জোরালোভাবে শুরু করবো।’
পুরুষ ফুটসাল দলের অধিনায়ক কানাডা প্রবাসী রাহবার খান। তিনি আগামীকাল থাইল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। রাহবারকে নিয়ে ইমরানুর রহমান বলেন, ‘সে কানাডায় জব করে। দেশের জন্য সে বিনা বেতনে ছুটিতে আসছে। ঢাকায় ক্যাম্পে না থাকতে পারলেও থাইল্যান্ডে শুরু থেকে টুর্নামেন্ট পর্যন্ত থাকবে। এতদিন সে কানাডায় কাজ থেকে ছুটি নেয়ায় বেতন পাবেন না। এটা দেশের জন্য ত্যাগ।’