স্পোর্টস ডেস্ক
শুরু হয়ে গেল আরেকটি ফিফা বিশ্বকাপ বছর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে বসতে যাওয়া আসরে নিশ্চিতভাবেই খেলবেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সে বিষয়ে এখনো খোলামেলা কোনো সিদ্ধান্ত নেননি তার চিরপ্রতিদ্বন্দ্বী, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, বিশ্বকাপে অংশগ্রহণ করা তো বটেই, ফুটবলকে কখনোই বিদায় বলা উচিত নয় মেসি-রোনালদোদের।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়ে মূল পর্বের টিকিট এনে দিতে বড় ভূমিকা রাখেন মেসি। লিওনেল স্কালোনির দলের হয়ে ৮ গোল করে এ অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কই। তবুও আগামী জুন-জুলাইয়ে মূলপর্বে খেলা নিয়ে এখনও সরাসরিভাবে হ্যাঁ/না কিছুই বলেননি ৩৮ বছর বয়সী মেসি। এমন অবস্থায় মেসিকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ দেখার আহ্বান জানিয়ে রাখলেন স্পেন জাতীয় দলের কোচ ফুয়েন্তে। দেশটির দৈনিক এএসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি হলো তেমন খেলোয়াড়দের একজন, যাদের কখনওই অবসর নেয়া উচিত নয়। ঠিক যেমন ক্রিস্টিয়ানো রোনালদো। তারা অসাধারণ।’ বিশ্বকাপের আগে আগামী ২৭শে মার্চ ফিনালিসিমায় মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। সেখানেও মেসিকে আহ্বান জানিয়ে ফুয়েন্তে বলেন, ‘ফিনালিসিমা বা বিশ্বকাপে মেসির ফর্ম যেমনই থাকুক, তিনি তেমন খেলোয়াড়দের একজন, যারা সূক্ষ্ম ব্যবধানে পার্থক্য গড়ে দিতে পারে। মেসির ক্যারিয়ার ও সামনে যা অপেক্ষা করছে, সবকিছুর জন্য সম্মান ও প্রশংসা।’ এর আগে গত নভেম্বরে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, আসন্ন বিশ্বকাপটি বিশেষ হলেও তিনি প্রতিদিন ধরে এগোতে চান। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) মৌসুম ইউরোপিয়ান ফুটবলের থেকে ভিন্ন হওয়ায় প্রস্তুতির বিষয়টিও তার সিদ্ধান্তে প্রভাব ফেলবে বলে জানান তিনি। জাতীয় দলের হয়ে খেলা সবসময় বিশেষ কিছু হলেও, মেসি সরাসরিই জানিয়ে দেন যে তিনি দলের বোঝা হতে চান না।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘জে’ তে আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৭ই জুন বাংলাদেশ সময় ভোরে শিরোপা ধরে রাখার মিশনে রিয়াদ মাহরেজের আলজেরিয়া বিপক্ষে নামবে আর্জেন্টিনা।










































