Home খেলাধুলা বাফুফেতে ফিরলেন বিপ্লব

বাফুফেতে ফিরলেন বিপ্লব

6


স্পোর্টস রিপোর্টার

নতুন বছরের শুরুতেই দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বইছে পরিবর্তনের হাওয়া। কোচিং কাঠামোতে বড় ধরনের সংস্কার এনে ২০২৬ সালের জন্য নতুন পরিকল্পনা সাজিয়েছে ফেডারেশন। সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্যরে প্রত্যাবর্তন। তার সঙ্গে ডাগ-আউটে যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ। প্রায় দুই বছরের বিরতি দিয়ে আবারও বাফুফের গোলরক্ষক কোচ হিসেবে ফিরলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। ক্লাব ফুটবলে থিতু হতে ফেডারেশন ছাড়লেও গত এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। সেই বিরতি কাটিয়ে এবার ফিরলেন চেনা আঙিনায়। তৃণমূলের ফুটবলে মেধা যাচাই করতে বিপ্লবের সঙ্গী হচ্ছেন সাবেক ডিফেন্ডার আতিকুর রহমান মিশু এবং আকবর হোসেন রিদন। নারী ফুটবলে গতি ফেরাতে যুক্ত করা হয়েছে ‘এ’ লাইসেন্সধারী লিনা চাকমাকে, যাকে ফুটসাল ও নারী দলÑদুই ভূমিকায় কাজে লাগাতে চায় বাফুফে।
গুঞ্জন ছিল বাফুফে একাডেমির হেড কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে নতুন করে চুক্তি করবে না ফেডারেশন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। শুধু ছোটনই নন, বাফুফেতে কর্মরত ২১ জন কোচের ভাগ্য খুলেছে নতুন বছরে। সব মিলিয়ে ২০২৬ সালে বাফুফের প্যানেলভুক্ত কোচের সংখ্যা দাঁড়াচ্ছে ২৫-এ। ফিফা ও এএফসি’র অনুদানের একটা বড় অংশই ব্যয় হবে এই বিশাল কোচিং বহরের পেছনে। বাফুফের এই ‘কোচ-বিলাসের’ মাঝেও অস্বস্তিকর এক প্রশ্ন ফুটবলাঙ্গনে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাফুফের নিজস্ব কোনো কোচকে না পাঠিয়ে বিকেএসপির কোচ ইমরুল হাসান ইমুকে সহকারী হিসেবে পাঠানো হয়। প্যানেলে দুই ডজনের বেশি কোচ থাকার পরও কেন বাইরে থেকে ধার করতে হলো, তা নিয়ে ফুটবলাঙ্গনে হয় কানাঘুষা।