স্টাফ রিপোর্টার
চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি আরিফিন শুভ’র সঙ্গে তার অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটিতে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের দিক থেকেও কোনো অংশে কম নন তিনি। তবুও অনেক সময় তাকে শরীরের বিভিন্ন অংশে সার্জারি করার কথা বলা হয়। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সার্জারি ইদানীং অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আমি কাউকে আলাদা করে বিচার করছি না। তবে এটি মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। যেমন আমি মনে করি আমি খুব সুন্দরী।
শুধু তাই নয়, হাজার হাজার মানুষ আমাকে প্রতিনিয়ত কমপ্লিমেন্ট দিচ্ছে যে, ঐশী তুমি খুব সুন্দর। কিন্তু যখন একটা ফটোশুট করতে গেলাম কোরিওগ্রাফার বা কেউ একজন বলছে, তুমি তোমার আক্কেল দাঁত ফেলে দাও। আরও শার্প লাগবে, জলের মতো লাগবে দেখতে। আবার কেউ বলছে, তোমার ঠোঁটটা একটু ফিলার করলে বা বোটক্স করলে দেখতে আরও ভালো লাগবে। আবার ফিগারের বিষয়েও অনেক কিছু বলে। তোমার এটা পরিবর্তন করতে হবে, ওটা পরিবর্তন করতে হবে। তাহলে তো আমি আর আমিই থাকলাম না। আর আমি যদি ওদের কথাগুলোকে সিরিয়াসলি নিতাম তাহলে আমার আত্মবিশ্বাস কমে যেতো।











































