স্পোর্টস ডেস্ক
দারুণ ছন্দে আছে অ্যাস্টন ভিলা। রোববার রাতে ভিলা পাকে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারায় দলটি। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন মর্গান রজার্স। ম্যান ইউনাইটেডের হয়ে একটি গোল শোধ করেন ম্যাথিউস কুনহা। ১৯৯০ সালের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লীগে টানা সপ্তম জয় পেলো অ্যাস্টন ভিলা। এটি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে উনাই এমেরির শিষ্যদের টানা দশম জয়। এ ম্যাচে চোট পান ইউনাইটেড দলের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। সপ্তম মিনিটে টানা দুইবার দুর্দান্ত সেভ করে ভিলাকে হতাশ করেন ইউনাইটেড গোলরক্ষক সেন লামেন্স। পরের মিনিটেই রজার্সের শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য পিছিয়ে পড়া এড়ায় ইউনাইটেড। এরপর দুই দলই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। দুই গোলরক্ষকই ব্যস্ত সময় কাটান। ৪৫তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ভিলাকে এগিয়ে নেন রজার্স। চমৎকার আড়াআড়ি শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি। যোগ করা সময়ে ম্যাটি ক্যাশের ভুলে সমতা ফেরে ইউনাইটেড। একজনের চ্যালেঞ্জের মুখো গোলরক্ষকের দিকে দুর্বল ব্যাক পাস দেন ক্যাশ। অনায়াসে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে জালে পাঠান কুনহা।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ইউনাইটেডে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের গতিময় শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তিন মিনিট পর আরেকটি চমৎকার গোলে ভিলাকে ফের এগিয়ে নেন রজার্স। যেন প্রথম গোলেরই পুনরাবৃত্তি। নির্ধারিত সমের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ একটা সুযোগ পেয়েছিলেন ইউনাইটেড। মাউন্টের ফ্রি-কিক একটুর জন্য লক্ষ্েয থাকেনি। লিগে ছয় ম্যাচের মধ্েয দ্বিতীয় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিলা। ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ইউনাইটেড।









































