Home খেলাধুলা শীর্ষে থেকে বছর শেষ করলো বার্সেলোনা

শীর্ষে থেকে বছর শেষ করলো বার্সেলোনা

11


স্পোর্টস ডেস্ক।।
স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছিলো রিয়াল মাদ্রিদ। কাতালানদের থেকে মাত্র ১ পয়েন্ট দূরে ছিলো লস বাঙ্কোসরা। তার একদিন পর ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আবারও চারে নিয়ে গেছে বার্সেলোনা। বছরের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ১৮ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল।

রোববার ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা উপহার দেয় বার্সেলোনা। ১২ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। ভিয়ারিয়ালের ডিফেন্ডার সান্তি কোমেসানার বাধায় বক্সের ভেতরে পড়ে যান রাফিনিয়া, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। লামিন ইয়ামালের পায়ে দেরিতে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন ভিয়ারিয়ালের রেনাতো ভেইগা। কড়া আঘাত পেলেও চিকিৎসা শেষে আবার মাঠে ফেরেন ১৮ বছর বয়সী ইয়ামাল।


প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার সুবিধা কাজে লাগাতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৬৩ মিনিটে দ্বিতীয় গোলটি আসে ইয়ামালের পা থেকে। একের পর এক আক্রমণ সামাল দিতে না পেরে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ভিয়ারিয়াল ডিফেন্স। ফিরতি বল থেকে সুযোগ পেয়ে সহজেই জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। একজন কম নিয়ে খেলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ভিয়ারিয়াল। জর্জেস মিকাউতাদজে দুটি ভালো সুযোগ পেলেও বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার দুর্দান্ত প্রতিরোধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।