স্পোর্টস ডেস্ক।।
কিছুদিন আগে আরব কাপের শিরোপা জিতেছিল মরক্কো। সেই ফর্ম ধরে রেখে এবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) এ নিজেদের প্রথম ম্যাচে জয় পেলো দলটি। প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে রোববার রাতে কমোরোসকে ২-০ গোলে হারায় মরক্কো। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকলো দলটি। মরক্কোর বিশ্বরেকর্ড গড়ার দিনে স্বাগতিকদের হয়ে গোল করেন ব্রাহিম দিয়াজ ও আয়ুব এল কাবি।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মরক্কো। কাউন্টার অ্যাটাকে কয়েকবার বিপদে পড়ে দলটি। স্ট্রাইকার রাফিকি সাইদ একবার নিশ্চিত গোলের সুযোগ পেয়েও ইয়াসিন বোনুর পায়ে বল মেরে সুযোগ নষ্ট করেন। বিরতির ১০ মিনিট পর নুসাইর মাজরাউইয়ের পাসে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াজ। ১২ গজ দূর থেকে শট নিয়ে গোল করেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। ৭৫তম মিনিটে বদলি হিসেবে নেমে দর্শকদের হতবাক করে দেন আয়ুব এল কাবি। দুর্দান্ত এক ওভারহেড কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অলিম্পিয়াকোসের এই স্ট্রাইকার। এরপর কোনো দলই গোল না পেলে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। তবে সামনে দলটিকে আর কঠিন পরীক্ষা দিতে হবে। বক্সিং ডেতে গ্রুপ ‘এ’ নিজেদের পরের ম্যাচে মালির মুখোমুখি হবে মরক্কো। এরপর ২৯ ডিসেম্বর খেলবে জাম্বিয়ার বিপক্ষে।











































