খবর বিজ্ঞপ্তি
বিনা ভোটের সরকার বা রাতের ভোটের সরকার কখনোই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। কারণ এ ধরনের সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের মানুষের প্রকৃত সমস্যার সমাধান দিতে সক্ষম।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা মহেশ্বরপাশা ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, গত দুই সরকারের আমলে সাব জুট মিলসহ ছোট-বড় প্রায় সব মিল-কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। টেন্ডারের নামে হয়েছে লুটপাট, অথচ সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে মুসল্লিদের মসজিদে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। চাকরির অভাবে শ্রমিকরা সন্তানদের স্কুলে পাঠাতে পারেননি, চিকিৎসার অভাবে মানুষ ধুঁকে ধুঁকে মারা গেছে। কিন্তু এসব দেখার কেউ ছিল না। নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে রকিবুল ইসলাম বকুল বলেন, “আমি শুধু ভোটের সময় এলাকায় আসিনি। গত ১৬ বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই এলাকার মানুষের পাশে ছিলাম। করোনা মহামারীসহ যেকোনো দুঃসময়ে দল-মত নির্বিশেষে চিকিৎসা ও শিক্ষার প্রসারে কাজ করেছি। আমি আপনাদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, এসেছি সুখ-দুঃখ ভাগ করে নিতে।” আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নির্বাচিত হলে বন্ধ হয়ে যাওয়া মিল-কলকারখানাগুলো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পুনরায় চালু করা হবে। কর্মসংস্থান সৃষ্টি করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা হবে। পাশাপাশি এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’ রূপরেখা দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে—যেখানে কোনো বিভেদ থাকবে না, থাকবে উন্নয়ন ও শান্তি। শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উপস্থিত সবাইকে নিয়ে দোয়া প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ আইয়ুব আলী, আলী আকবর, আজমল খান, ইসরাইল হোসেন, শেখ আলতাফ হোসেন, অ্যাডভোকেট খোকন, তারা মিয়া ও শওকাত আলী মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নুসহ দৌলতপুর থানা ও মহেশ্বরপাশা এলাকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ গাউছ হোসেন।











































