Home খেলাধুলা পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

13


ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৯ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেন লাল-সবুজরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে বড় স্কোর করতে পারেনি তারা। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৮৬ রান করেন সফরকারীরা। মামুলি লক্ষ্যটা ১৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে টপকে যান বাংলাদেশের মেয়েরা।

তবে ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের মেয়েদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৬ রানে ওপেনার অরিত্রি মন্ডলের উইকেট হারায় তারা। এরপর স্কোরকার্ডে দুই রান জমা হতেই সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার। দলীয় ৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেন তারা। সেখান থেকে প্রতিরোধ গড়েন অচেনা জান্নাত ও সাদিয়া ইসলাম। তারা ৪৫ রানের জুটি গড়েন। বাংলাদেশের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন সাদিয়া ইসলাম। চারে নেমে তিনটি ছক্কা ও তিনটি চার মেরেছেন তিনি। দলকে ৫৩ রানে রেখে আউট হন সাদিয়া। বাকি কাজটা সারেন অচেনা। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটির বেশির ভাগ রানই ছিল তার। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩০ রান করেন তিনি।