Home খেলাধুলা স্মৃতি-পালাশের বিয়ে বাতিল

স্মৃতি-পালাশের বিয়ে বাতিল

12


স্পোর্টস ডেস্ক

ভারতের নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছল তাদের বিয়ে বাতিলের ঘোষণা দিয়েছেন। ২৪ নভেম্বর ২০২৫-এ হওয়ার কথা ছিল বছরের অন্যতম আলোচিত এই সেলিব্রিটির বিয়ে, যা এবার নীরবে আর আবেগঘনভাবে শেষ হয়ে গেল। ঘোষণার কিছুক্ষণ পরেই দুজন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেন।

বিয়ের ঠিক আগের দিনগুলোয় হঠাৎ করেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানাকে হৃদরোগজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত সাংলির একটি হাসপাতালে নেওয়া হয়। পারিবারিক সংকটের কারণে সব বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়।

এর মাত্র এক দিন পর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে পলাশকেও হাসপাতালে ভর্তি হতে হয়। দুই পরিবারই বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ে-কেউ কেউ পলাশের বিরুদ্ধে এক কোরিওগ্রাফারের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলে। পালাশ অবশ্য এসব গুঞ্জন ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দেন।

অফিসিয়াল বিবৃতি প্রকাশের পরপরই দুজন ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন, যা আলাদা পথে হাঁটার ইঙ্গিত দেয়। স্মৃতি মুছে দিয়েছেন সব এনগেজমেন্ট ও বিয়ে-সংক্রান্ত পোস্ট, এমনকি ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের ভাইরাল প্রপোজাল ভিডিওটিও। এ স্টেডিয়ামেই ভারতের নারী দল ২০২৫ বিশ্বকাপ জিতেছিল, যা ভক্তদের কাছে মুহূর্তটিকে আরও স্মরণীয় করেছিল। পলাশও নিজের অ্যাকাউন্ট থেকে প্রপোজাল ভিডিও ও বিশ্বকাপ উদযাপনের ক্লিপ সরিয়ে ফেলেছেন। তার পুরোনো কয়েকটি পোস্ট থাকলেও মন্তব্য বিভাগ ভরে গেছে বিস্ময় ও আবেগময় প্রতিক্রিয়ায়।

রবিবার ইনস্টাগ্রামে এক হৃদয়ভরা বার্তায় পলাশ লিখেছেন, ‘আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।’ সাম্প্রতিক দিনগুলো ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক-অপ্রমাণিত গুজবের ভিত্তিতে জনমতের চাপ তাকে গভীরভাবে আঘাত করেছে বলে জানান তিনি। গুজব ছড়ানোর আগে মানুষকে ভেবে দেখারও অনুরোধ করেন।

অন্যদিকে, স্মৃতি মন্ধানা নিশ্চিত করেন যে বিয়ে বাতিল হয়েছে এবং দুই পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান। অত্যন্ত ব্যক্তিগত স্বভাবের স্মৃতি বলেন, এখানেই তিনি বিষয়টির ইতি টানতে চান। তিনি আরও লেখেন, ক্রিকেটই তার প্রধান মনোযোগ-দেশের হয়ে খেলাই তার লক্ষ্য ছিল, আছে এবং থাকবে।