স্পোর্টস ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে অভিষেকেই নজর কেড়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই ধারাবাহিকতা বজায় রেখে আবারও উজ্জ্বল তিনি। দুবাই ক্যাপিটালসের হয়ে বাঁহাতি পেসার নিলেন আরও ২ উইকেট, দলও তুলে নিল বড় জয়।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আবু ধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারায় দুবাই ক্যাপিটালস। নড়বড়ে শুরুর পর রভম্যান পাওয়েলের ৫২ বলে অনবদ্য ৯৬* এবং জর্ডান কক্সের ৩৬ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে তারা। জবাবে আবু ধাবি গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে।
মোস্তাফিজ ৩ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট; বোলিংয়ে ছিল ১১টি ডট বল। ডেভিড উইলি ও মোহাম্মদ নাবি নিয়ন্ত্রিত বোলিংয়ে দুটি করে উইকেট তুললেও সবচেয়ে সফল বোলার ছিলেন আফগান বাঁহাতি রিস্ট স্পিনার ওয়াকার সালামখিল-৩.৩ ওভারে ২৯ রানে তার শিকার ৪ উইকেট।
ইনিংসের শুরুতেই অ্যালেক্স হেলস ও আলিশান শারাফুকে ফেরান উইলি, এনে দেন দারুণ সূচনা। দ্বিতীয় ওভারে বল হাতে এসে আরও একটি উইকেট তোলেন মোস্তাফিজ। ডট দিয়ে শুরু করে দ্বিতীয় বলে চার খেলেও পরের ডেলিভারিগুলোয় সল্টকে নিয়ন্ত্রণে রাখেন তিনি এবং উন্মুক্ত চাঁদকে কিছুমাত্রায় খোঁচা দিতে বাধ্য করে কিপারের গ্লাভসে ক্যাচ করান।
পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম দুই বলে ছক্কা ও চার খেলেও তৃতীয় বলে ডট এবং চতুর্থ বলেই মোস্তাফিজ ফিরিয়ে দেন বিপজ্জনক সল্টকে (২১ বলে ২৭)। স্লোয়ার অফ কাটারে ভুল টাইমিংয়ে কাভার পয়েন্টে ধরা পড়েন তিনি।
এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আবু ধাবি। নবম উইকেট পতনের পর ১৫তম ওভারে আরেকবার বোলিংয়ে এসে ৭ রান দেন মোস্তাফিজ। পরের ওভারেই শেষ হয় ম্যাচ।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল দুবাই ক্যাপিটালস। আগের ম্যাচে আইএল টি-টোয়েন্টিতে অভিষেকে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে শুরু করেছিলেন মোস্তাফিজ-এদিন তার ধারাবাহিকতার প্রমাণ আরও একবার মিলল।











































