ক্রীড়া ডেস্ক
ব্রিসবেনে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ২-০ ব্যবধানে লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
টেস্টের চতুর্থ দিনে ৬৫ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের পঞ্চম ওভারের শেষ বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। যদিও এই লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়েছে। এর আগে পার্থ টেস্টে দুদিনের মধ্যে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে অ্যাশেজ সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। এডিলেড, মেলবোর্ন ও সিডনিতে সিরিজের বাকি তিন ম্যাচেও অস্ট্রেলিয়া সুস্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামবে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে জো রুট ও জ্যাক ক্রলি এবং দ্বিতীয় ইনিংসে অধিনায়ক বেন স্টোকস ও উইলস জ্যাকস ছাড়া বাকি সবারই পার্থের মতো সাজঘরে ফেরার তাড়া ছিল। গ্যাবার বাউন্সি সার্ফেসে তারা বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। বোলিংয়েও নিজেদের প্রমাণে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। নতুন গোলাপি বলে তারা কার্যত কিছুই করতে পারেনি। অস্ট্রেলিয়ান পেস আক্রমনে প্যাট কামিন্স ও জোস হ্যাজেলউডের অনুপস্থিতি সত্ত্বেও ইংল্যান্ডের তুলনায় তারা ভালো বোলিং করেছে।
প্রথম ইনিংসে ইংল্যান্ড পাঁচটি ক্যাচ মিস করেছে যা দলের ফলাফলে প্রভাব ফেলেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ফিল্ডাররা প্রতিটি ক্যাচই লুফে নিয়েছে। প্রথম ইনিংসে স্টোকসকে দুর্দান্ত এক রান আউট করে জস ইংলিস ম্যাচের গতিপথ পাল্টে দেন। টেল এন্ডারদের কল্যাণে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫১১ রান তুলে ১৭৭ রানের লিড নেয়। এরপর তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এক সময় ১২৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। তখনও ৪৩ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। এ অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন স্টোকস ও অল-রাউন্ডার জ্যাকস। সপ্তম উইকেটে এই জুটি ৯৬ রানে ইনিংস উপহার দিলে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পায়।











































