Home খেলাধুলা আইসিসি মাসসেরা হওয়ার হাতছানি তাইজুলের

আইসিসি মাসসেরা হওয়ার হাতছানি তাইজুলের

11


স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে নভেম্বর মাসে আইসিসির প্লেয়ার্স অব দ্য মান্থের মনোনীত তালিকায় এসেছেন তাইজুল ইসলাম। চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জেতার সামনে দাঁড়িয়ে তিনি। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ আইসিসি মর্যাদাকর এ পুরস্কার জেতার সৌভাগ্য অর্জন করেন। পুরস্কার জিততে তাইজুলের লড়াই হবে দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের সঙ্গে।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নেন। ২-০ তে সিরিজ জয়ে শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি। সিলেটে ৫ উইকেট পান তাইজুল। তারপর মিরপুরে দ্বিতীয় ম্যাচে দুটি ইনিংসেই চারটি করে উইকেট দখল করেন। দারুণ বোলিংয়ে সিরিজ সেরা হন এই স্পিনার।
দক্ষিণ আফ্রিকার অফস্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়ে তার ছিল অসামান্য অবদান। মাত্র ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটিতে ১৭ উইকেট নেন তিনি। প্রথম টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। বল হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখান নওয়াজ। তার আগে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ গড় ও ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ ওয়ানডে রান করেন, নেন চার উইকেট।

টি-টোয়েন্টিতে এই বাঁহাতি স্পিনার ৫২ রান করার পাশাপাশি ১২.৭২ গড়ে ১১ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ী ভূমিকা রাখেন নওয়াজ, হন সিরিজ সেরা।