স্পোর্টস ডেস্ক
জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট। চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২১২ রান। শাই হোপ ১১৬ এবং জাস্টিন গ্রিভস ৫৫ রানে অপরাজিত আছেন। শেষদিনে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারাতে সফরকারীদের দরকার ৩১৯ রান। এই লক্ষ্য তাড়া ক্যারিবীয়দের জন্য অসম্ভব কোনো ব্যাপার নয়। ইতিহাস সেই উত্তরই দেয়। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় দলটি।
৪ উইকেটে ৪১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। সকালে বেশিক্ষণ ব্যাট করেনি তারা। মাত্র ৪৯ রান করে ৪ উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ৮ উইকেটে ৪৬৬ রান করে তারা, যেখানে শতক হাঁকান ল্যাথাম ও রবীন্দ্র। জবাবে ৭২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে লড়াই করে যাচ্ছেন হোপ ও গ্রিভস। দুইজন মিলে ১৪০ রানের জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন।
আগামীকাল শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ কতটা লড়াই করতে পারে এখন সেটাই দেখার বিষয়। ওয়েস্ট ইন্ডিজ যদি এই ম্যাচে জয় পায়, তবে ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্টে ৫০০ বা তার উপরে লক্ষ্য তাড়া করে জয় পাওয়া প্রথম দল হবে।











































