Home খেলাধুলা বিশ্বকাপে নিশ্চিত নন মেসি, তবুও খেলতে আশাবাদী খুদে জাদুকর

বিশ্বকাপে নিশ্চিত নন মেসি, তবুও খেলতে আশাবাদী খুদে জাদুকর

12



স্পোর্টস ডেস্ক।।
আগামী বছর মাঠে গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যেটি শুরু হতে বাকি ৬ মাস। বৈশ্বিক এই মহারণে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই কঠিন পথ পাড়ি দিতে আলবিসেলেস্তেদের বড় শক্তি হতে পারেন লিওনেল মেসি। শিরোপা ধরে রাখার মিশনে নামতে আশাবাদী মেসি নিজেও। তবে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না খুদে জাদুকর। ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি এমনটাই জানান। বিশ্বকাপে তার খেলা নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, নিজেকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করলেই খেলতে চান তিনি।

বিশ্বকাপের আসরে খেলতে পারা মেসির কাছে বড় ব্যাপার। তবে ফর্মে থাকলেই কেবল খেলতে চান তিনি। এ ব্যাপারে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই।’


বিশ্বকাপ শিরোপা ধরে রাখা মুখের কথা নয়। তবুও শিরোপা ধরে রাখার মিশনে বেশ আশাবাদী মেসি। তার মতে, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে আর দলটাও গোছানো। ফলে শিরোপা ধরে রাখার বড় সুযোগ আছে আর্জেন্টিনার। মেসি বলেন, ‘আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে, সবটুকু ঢেলে লড়াই করবে। কিন্তু বিশ্বকাপে খুব ছোট কারণেও ছিটকে যেতে হয়। এটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। যেকোনো দলই আপনাকে বিপদে ফেলতে পারে। দলের সবার মধ্যেই (জয়ের) মানসিকতা আছে। স্কোয়াডটি বিজয়ীদের নিয়ে ভরা, যাদের মনোবল দৃঢ়, যারা অনেক কিছু জিততে চায়।’