শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সুন্দরবনের হলদেবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা ১৬ নভেম্বর সকালে সীমান্তবর্তী নদীতে টহলে যান। নদীটির তালপট্টি এলাকায় পৌঁছাতেই তাদের ঘিরে ধরে ১২-১৩ জন সশস্ত্র জলদস্যু। তারা ভবিষ্যতে ওই এলাকায় টহলে না যেতে তাদের হুমকি দেয় বলে জানান ফাঁড়ির ইনচার্জ তানভীর হোসেন। এই কর্মকর্তার মতো সুন্দরবনের বেশ কিছু টহল ফাঁড়ি ও স্টেশনে কর্মরত ব্যক্তিরা নানাভাবে হুমকি পাচ্ছেন। কখনও তাদের এলাকা ছেড়ে যেতে, কখনও অবৈধভাবে বনে যাওয়া মৎস্যজীবীদের ছেড়ে দিতে হুমকি দেওয়া হয়; আবার কখনও তদবির করা হয় আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে মামলা লঘু করতে।
এসব কারণে বন বিভাগের কর্মীরা নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে আছেন। হলদেবুনিয়া টহল ফাঁড়ির ইনচার্জ তানভীর হোসেনের ভাষ্য, হলদেবুনিয়া টহল ফাঁড়িতে হামলা চালিয়ে জলদস্যুরা অস্ত্র লুটে নিয়েছিল। সে কারণে তাদের অস্ত্র সরবরাহ করা হয় না। বিপরীতে অস্ত্রধারী জলদস্যুরা হুমকি-ধমকি দিচ্ছে। ফলে তারা ইচ্ছামতো টহল পরিচালনা করতে পারছেন না। তিনি আরও বলেন, গত ৩০ নভেম্বর কয়েকজন জেলেকে আটক করেন তারা। তখন আজগার আলী বুলু নামে এক ইউপি সদস্য মামলাটি লঘু করতেও হুমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে রমজাননগরের ইউপি সদস্য আজগর আলী বুলু বলেন, আটক জেলেদের কয়েকজনের বাড়ি তাঁর এলাকায়। স্থানীয় লোকজনের চাপে তিনি অনুরোধ করলেও হুমকি দেননি।
বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার জিয়াউর রহমান জানান, প্রায় পাঁচ সপ্তাহ আগে টহলের একপর্যায়ে রাতে ডিঙিমারী খালে স্পিডবোট ভিড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ১৪-১৫ জন জলদস্যু খালের দুই প্রান্ত দিয়ে এসে তাদের দুই পাশে অবস্থান নেয়। বনকর্মীদের পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত সময়ের মধ্যে ওই জায়গা ছেড়ে যেতে হুমকি দেয় দস্যুরা।
মরাগাং টহল ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়ার ভাষ্য, গত ২৩ জানুয়ারি শিকারি চক্রের ফাঁদে আটক হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন তারা। এতে ক্ষিপ্ত হয়ে শিকারি চক্রের সদস্যরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় ২৬ জানুয়ারি শ্যামনগর থানায় তারা মামলা করেন। হামলায় জড়িত ব্যক্তিরা একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাদের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ওই ঘটনার এক সপ্তাহ আগে সুন্দরবনে বিছিয়ে রাখা ফাঁদ উদ্ধার করায় স্থানীয় সিপিজি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ নির্মল কুমার জানান, গত ১২ জুলাই বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা নোটাবেঁকী অভয়ারণ্যের খেজুরদানা খাল থেকে চারটি নৌকা আটক করেন। এ সময় কদমতলা এলাকার নবাব আলী, কালিনগরের হোসাইন ও সুন্দরবন প্রেস ক্লাবের সদস্য আব্দুল্লাহর ভাতিজা আহম্মদ আলীর নেতৃত্বে ১৫-১৬ জন হামলা চালিয়ে নৌকাগুলো ছিনিয়ে নেয়। এর আগে সজল মুখার্জির নেতৃত্বে স্মার্ট টিমের সদস্যরা ২৭ মে বিষ, ফাইবার জালসহ রায়মঙ্গল নদী থেকে তিনটি নৌকাসহ ১১ জেলেকে আটক করেন। সেদিনও জেলেরা সংঘবদ্ধ হয়ে বনরক্ষীদের মারধর করে। আগস্টে টেংরাখালী মোড়ের মাথা থেকে হরিণের মাংস উদ্ধারের পর কয়েকজনকে আটক করা হয়। জলদস্যু মাহমুদ উল্লাহ ডনের নেতৃত্বে টেংরাখালী ও মরাগাং টহল ফাঁড়ির সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া হয়।
বনরক্ষীরা জানিয়েছেন, জলদস্যু আর প্রভাবশালীদের দাপটে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে তাদের। জনবল সংকটের পাশাপাশি আধুনিক সরঞ্জামাদির অভাবে তারা অসহায় বোধ করছেন। এর ওপর নানা অনৈতিক আবদার নিয়ে আসছেন কিছু কথিত সাংবাদিক। অন্যায় দাবি না মানলেই স্থানীয় সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচার শুরু করেন।
সাংবাদিক পরিচয় ব্যবহার
‘ফরেস্টাররা বেশ বাড়িয়েছে (বেড়েছে), তাদের বাড়ানো একটু কমিয়ে নেই। আপনার চিন্তা করতে হবে না, সামনে আপনার চলার পথ হবে নে।’ মোবাইল ফোনে এক বনজীবীকে বলা কথাগুলো সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেনের। অপর এক বনজীবীকে একই সংগঠনের সদস্য আব্দুল্লাহ বলছিলেন, ‘ফজলুল সাহেব (রেঞ্জার) শান্তিতে ছিল, আর শান্তিতে থাকবে না। এবার লেগে গেছে, মৌমাছির মতো লাগবে নে।’ এমনকি তাঁকে আরও বলতে শোনা যায়, ‘বন থেকে সাংবাদিক কাদেরের নৌকা ডাঙায় উঠলি সে-ও শুরু করবে।’
এ প্রতিবেদকের হাতে আসা কল রেকর্ড বিশ্লেষণ ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ রেঞ্জ অফিসে যান। এ সময় সংগঠনের দাপ্তরিক নানাবিধ খরচের কথা বলে তারা সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের জন্য দুটি নৌকা পাঠানোর আবদার জানান। কিন্তু সাতক্ষীরা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল হক নিজের অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিকেরা।
সুন্দরবন প্রেস ক্লাবের সদস্য আব্দুল্লাহ দাবি করেন, কল রেকর্ডটি তাঁর নয়। তবে সাংবাদিক কাদেরের নৌকা বনে থাকায় কিছু কথা বলেছিলেন।
সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর ভাষ্য, ৫ আগস্টের পর কদমতলা স্টেশনে দুর্বৃত্তদের হামলার সময় তারা বন বিভাগের পাশে ছিলেন। কিন্তু ফজলুল হকরা সেই অবদানের কথা ভুলে গেছেন। দুটি নৌকা প্রবেশে আবদারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা থাক।’
সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, বিভিন্ন সময়ে তারা বন বিভাগকে সাপোর্ট করেছেন। হামলাকারী জিয়া মেম্বারের বিরুদ্ধে মামলা করতেও বনরক্ষীদের সহায়তা করেন। বন বিভাগকে নিয়ে মোবাইল ফোনে তাঁর বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকের ভাষ্য, জনবল কম ও স্বল্প সামর্থ্য সত্ত্বেও প্রতিটি বনরক্ষী যথাযথভাবে দায়িত্ব পালনে আপ্রাণ চেষ্টা করেন। জলদস্যুদের তৎপরতার পাশাপাশি সুন্দরবনসংলগ্ন এলাকার প্রভাবশালীরা অহেতুক বনরক্ষীদের কাজে বাধা দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে অনৈতিক আবদার নিয়ে আসা স্থানীয় কিছু সাংবাদিক বন বিভাগকে জিম্মি করার অপচেষ্টা করছেন।
এ বিষয়ে ফজলুল হক বাদী হয়ে সোমবার রাতে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এতে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহকে বিবাদী করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা।











































