ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
ডুমুরিয়ার কাঁঠালতলা-মাগুরখালী সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ভদ্রা নদীর ওপর নির্মিত ইস্পাতের সেতুর পাতের নিচে বালুর বস্তার ঠেস দেওয়া হয়েছে। সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী বারবার দাবি জানিয়ে এলেও সেতু সংস্কারে উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এলজিইডির উদ্যোগে ১৯৯১ সালে আটলিয়া ইউনিয়নের সুন্দরবুনিয়া গ্রামে ভদ্রা নদীর ওপর ইস্পাতের সেতুটি নির্মিত হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বছরখানেক আগে সেতুর কয়েকটি পাত খুলে নিচে পড়ে যায়। নির্বিঘ্নে চলাচল অব্যাহত রাখতে সম্প্রতি সেতুর বেশ কয়েকটি নড়বড়ে পাতের নিচে বালুর বস্তার ঠেস দেয় এলাকাবাসী।
কুলবাড়িয়া গ্রামের কৃষক মনিমহন বিশ্বাসের ভাষ্য, মাছ ও সবজির জন্য ডুমুরিয়া উপজেলার খ্যাতি রয়েছে। এ উপজেলার কয়েকটি ইউনিয়নের চাষি ও মৎস্যজীবীরা সবজি ও মাছ বিক্রির জন্য বিভিন্ন হাটবাজারে যাতায়াত করেন। এ ছাড়া শিক্ষার্থী, চাকরিজীবীসহ হাজারো মানুষ প্রতিদিন এ সেতু দিয়ে জেলা সদরে চলাচল করেন। এলাকার আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের দাবি জানান তিনি।
আটলিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হালিম মুন্না জানান, ডুমুরিয়া সদর ইউনিয়ন, আটলিয়া, মাগুরখালী, মাগুরাঘোনা, শোভনা এই ছয় ইউনিয়নের মানুষ কাঁঠালতলা-মাগুরখালী সড়কে চলাচল করেন। পাশাপাশি খুলনার কয়রা, পাইকগাছা ও সাতক্ষীরার তালা, দেবভাটা ও কপিলমুনি উপজেলার বিপুল মানুষ এই পথ দিয়ে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলা শহরে আসা-যাওয়া করে থাকেন। অথচ বহু পুরোনো এ সেতুর দিকে কেউ নজর দিচ্ছে না। সম্প্রতি সেতুর পাতের নিচে বালুর বস্তা দিয়ে টিকিয়ে রাখা হয়েছে।
আটলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান প্রতাপ কুমার রায় বলেন, ওই এলাকায় অপরিকল্পিতভাবে একাধিক ইটভাটা গড়ে উঠেছে। ইটবোঝাই ট্রাক চলাচলের কারণে ওই সড়ক ও সেতুর ব্যাপক মাত্রায় ক্ষতি হয়েছে। জনস্বার্থে সরকারের দ্রুত সেতুটি সংস্কার করা প্রয়োজন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা বলেন, সুন্দরবুনিয়া সেতুটির অবস্থা সম্পর্কে কেউ তাঁকে জানায়নি। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











































