মিলি রহমান।।
ওজন কমানো বা ফিট থাকার জন্য শুধু কম খাওয়া নয় ঠিকভাবে পুষ্টি গ্রহণ গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো রাখতে শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয়া জরুরি। তাই চেন্নাইয়ের জনপ্রিয় ফিটনেস কোচ রাজ গণপত তার ১৮ বছরের অভিজ্ঞতা থেকে জানান, প্রতিদিন যেসব খাবার খেলে শরীর থাকবে শক্তিশালী, লিন ও সুস্থ। তার মতে, মেদহীন ও ফিট থাকতে হলে শুধু কম খাওয়া নয়, ভালো খাওয়াই হলো মূল চাবিকাঠি। তিনি প্রতিদিনের ডায়েটের ৫টি খাবার রাখার পরামর্শ দিয়েছেন। এগুলো হলো:
১. ডাল, মসুর, শিম– প্রোটিন ও ফাইবার
রাজের তালিকার প্রথমেই রয়েছে ডাল, মসুর, শিমজাতীয় খাবার। এগুলো সম্পূর্ণ প্রোটিন না হলেও এতে থাকে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার ও মিনারেল। তিনি জানান, এক কাপ রান্না করা ডালে থাকে ১০–১৫ গ্রাম প্রোটিন ও ১০–১৫ গ্রাম ফাইবার যা শরীরকে শক্তি দেয়, পেট ভরিয়ে রাখে এবং হজম প্রক্রিয়ায় সাহায্য করে।
২. দই বা দইজাতীয় খাবার
এরপর তিনি জানান দই খাওইয়ার গুরুত্ব। দই একটি ব্যালান্সড ফুড, যা শরীরে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোবায়োটিক সরবরাহ করে। রাজের মতে, এক কাপ ফুল-ফ্যাট দইয়ে থাকে ১৫০ ক্যালোরি, ৮ গ্রাম প্রোটিন, ৮ গ্রাম ফ্যাট ও ১২ গ্রাম কার্বোহাইড্রেট। যারা গ্রিক ইয়োগার্ট খান, তারা আরও বেশি প্রোটিন পেতে পারেন যা পেশি গঠনে সাহায্য করে।
৩. ডিম
ডিমের তুলনা নেই। এটি প্রোটিন, ফ্যাট, কোলিন ও সেলেনিয়ামের দারুণ উৎস। তিনি বলেন, একটি ডিমে থাকে ৬ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম ফ্যাট এবং দৈনিক কোলিন ও সেলেনিয়ামের প্রয়োজনীয়তার ২৫ শতাংশ।প্রতিদিন অন্তত ১–২টি ডিম খাওয়ার পরামর্শ দেন তিনি যারা ডিম খান, তাদের জন্য এটি সহজ ও পুষ্টিকর খাবার।
৪. শাক–সবজি
চতুর্থ স্থানে রয়েছে সবুজ পাতা জাতীয় শাক–সবজি। এগুলো ক্যালোরিতে কম হলেও ফাইবার, ভিটামিন, মিনারেল ও অল্প পরিমাণ প্রোটিনে ভরপুর। রাজ গণপতের মতে, প্রতিদিন অন্তত এক কাপ সবুজ পাতা জাতীয় শাক খাওয়া উচিত। এটি হজমে সহায়ক, শরীরকে হাইড্রেট রাখে এবং পুষ্টিগুণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. প্রোটিন বা ফাইবার সাপ্লিমেন্ট
সবাই নিয়মিত ডায়েট থেকে পর্যাপ্ত প্রোটিন বা ফাইবার পান না। তাই রাজের মতে সাপ্লিমেন্ট নেয়া জরুরি হতে পারে। তিনি জানান, এগুলো মোটেও ক্ষতিকর নয় বরং ডায়েটে যে ঘাটতি থাকে তা পূরণ করতেই সাহায্য করে। তবে অতিরিক্ত নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়ার পরামর্শ দেন তিনি।
ফিটনেস বজায় রাখা শুধু জিমে সময় কাটানো বা একঘেয়ে ডায়েট মেনে চলার বিষয় নয়। বরং প্রতিদিনের খাবারে সঠিক পুষ্টির উৎস যোগ করলেই শরীর সময়ের সঙ্গে আরও লিন, শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। রাজ গণপতের এই পাঁচটি সাধারণ কিন্তু কার্যকরী খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে দীর্ঘমেয়াদে আপনি পেতে পারেন সুস্থ, সহনশীল ও ফিট শরীর।
সূত্র: হিন্দুস্তান টাইমস











































