Home আঞ্চলিক যশোরে ধর্ষণের ঘটনায় যুবক আটক

যশোরে ধর্ষণের ঘটনায় যুবক আটক

7

যশোর অফিস।।


যশোরে ধর্ম বোনকে ধর্ষণ এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে ইকরামুল কবীর নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যার পর ঢাকার খিলক্ষেত এলাকা থেকে র‌্যাব-১ এর একটি স্পেশাল টিম তাকে আটক করে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কোতোয়ালি থানা পুলিশ ঢাকায় গিয়ে ইকরামুলকে হেফাজতে নেয় এবং আদালতে সোপর্দ করে।

আটক ইকরামুল কবীর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মারজুল ইসলামের ছেলে।

মামলা ও পুলিশ সূত্র জানায়, ফেসবুকের মাধ্যমে ইকরামুল কবীরের সঙ্গে ভুক্তভোগী নারীর পরিচয় হয়। একপর্যায়ে তিনি ইকরামুলের মাকে ‘ধর্ম মা’ বলে ডাকতে শুরু করেন। এ সূত্রে ইকরামুল ‘ভাই’ পরিচয়ে তাদের বাড়িতে যাতায়াত শুরু করে এবং বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে উত্যক্ত করতে থাকে।

এ সময় বাদীর অন্যত্র বিয়ে হলেও ইকরামুল নানা উপায়ে তাকে উত্যক্ত করা অব্যাহত রাখে। বাদী বিষয়টি গুরুত্ব না দেয়ায় ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে ইকরামুল বাদীর বাবার বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ইকরামুল গোপনে ভিডিও ধারণ করে এবং তা ফাঁস করে দেয়ার হুমকি দেয়।

একই পদ্ধতিতে ভয় দেখিয়ে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ও ১৬ সেপ্টেম্বর আবারও বাদীকে ধর্ষণ করে। এতে বাদীর গর্ভে সন্তান আসে, যা গত ২৯ সেপ্টেম্বর জোরপূর্বক গর্ভপাত করানো হয়। সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল একইভাবে আবারও তাকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

এছাড়া ভিডিও ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিকাশের মাধ্যমে বাদীর কাছ থেকে ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয় ইকরামুল।

পরবর্তীতে বাধ্য হয়ে ভুক্তভোগী নারী গত ৩১ জুলাই যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। আদালত কোতোয়ালি থানাকে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। এরপর সোমবার রাতে র‌্যাব ঢাকা থেকে ইকরামুলকে আটক করে। আজ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।