Home খেলাধুলা বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের দোরগোড়ায় কুরাসাও

বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের দোরগোড়ায় কুরাসাও

6


স্পোর্টস ডেস্ক

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার দ্বারপ্রান্তে কুরাসাও। বিশ্বকাপে খেলতে তাদের এখন এক পয়েন্ট বাকি। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বিশ্বকাপের মূল পর্বে ওঠার সবচেয়ে ছোট দেশ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।

বারমুডাকে ৭–০ গোলে উড়িয়ে দিয়ে কনকাকাফ বাছাইয়ের গ্রুপ ‘বি’-তে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান শক্ত করে কুরাসাও। আগামী ১৯ নভেম্বর দ্বিতীয়স্থানে থাকা জ্যামাইকার বিপক্ষে শেষ ম্যাচে ড্র পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে তাদের।

বিশ্বকাপ মানেই নাটকীয়তা আর আন্ডারডগদের স্বপ্নগাথা। ২০১৮ সালে আইসল্যান্ডের ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে খেলা, ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়া কেপ ভার্দে কিংবা ২০০৬ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর একমাত্র বিশ্বকাপ অংশগ্রহণ-সবই সেই গল্পের অংশ।

এবার কনকাকাফ অঞ্চলে চলছে আরও অবিশ্বাস্য এক অভিযান। ৪৪৪ বর্গকিলোমিটারের ছোট্ট দ্বীপ, জনসংখ্যা মাত্র ১,৫৬,১১৫, যা আকারে আইল অব ম্যানের চেয়েও ছোট-সেই কুরাসাও ইতিহাস গড়ার এক ম্যাচ দূরে।

ক্যারিবিয়ান সাগরে অবস্থান কুরাসাওয়ের, ভেনেজুয়েলার ঠিক উত্তরদিকে। ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার কাছাকাছি হলেও তারা প্রতিযোগিতা করে কনকাকাফ অঞ্চলে। দেশটি দুটি দ্বীপ নিয়ে গঠিত-মূল কুরাসাও ও জনবসতিহীন ‘লিটল কুরাসাও’। ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর কুরাসাও স্বায়ত্তশাসিত রাষ্ট্রের স্বীকৃতি পায়। এখানে ডাচ, ইংরেজি ও পাপিয়ামেন্তো ভাষায় কথা বলা হয়।

দলের দায়িত্বে আছেন অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকেট, যিনি আগে রেঞ্জার্স ও সান্ডারল্যান্ডের কোচ ছিলেন।

জনসংখ্যা ছোট হলেও দলে আছেন বেশ কয়েকজন নামি ফুটবলার। রেঞ্জার্স ও বার্মিংহামের সাবেক মিডফিল্ডার জুনিনিয়ো বাকুনা খেলেন তার ভাই লিয়ান্দ্রো বাকুনার সঙ্গে, যিনি অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন।

বারমুডার বিপক্ষে ৭–০ জয়টিতে জোড়া গোল করেছেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড জর্দি পাউলিনা। মিডলসব্রোর সোনচে হ্যানসেনও গোল পেয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা ও বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলা তাহিথ চংও এই বাছাইপর্বে কুরাসাওয়ের জার্সি গায়ে জ্বলে উঠেছেন।

বিশ্বকাপের দরজায় কুরাসাও-এখন শুধু শেষ পদক্ষেপটিই বাকি।