স্পোর্টস ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ আগামী বছর শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। দ্বিপাক্ষিক এই সিরিজ শুরু হবে আগামী ১৯ জানুয়ারি, ঠিক বিশ্বকাপের কয়েক দিন আগে। বিশ্বকাপ ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল। তারা সুপার এইটে উঠলেও নকআউট পর্বে জায়গা পায়নি। অন্যদিকে আফগানিস্তান প্রথমবারের মতো সেই আসরে সেমিফাইনালে পৌঁছেছিল। দুই দল এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে ৫–৩ ব্যবধানে।
এই দ্বিপাক্ষিক সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজায়— ১৯, ২১ এবং ২২ জানুয়ারি।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে, যেখানে তারা ২–১ ব্যবধানে পিছিয়ে আছে। অন্যদিকে আফগানিস্তানের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে, যা তারা ৩–০ ব্যবধানে জিতেছিল।










































