স্পোর্টস ডেস্ক।।
টানা ৬ ম্যাচ পর ফাইনালে এসেই জয়রথ থামলো আর্জেন্টিনার। শ্রেষ্ঠত্বের মঞ্চে ২-০ গোলের জয়ে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। লাতিন আমেরিকার পরাশক্তিদের হৃদয় ভেঙে এবারই প্রথমবারের মতো শিরোপা নিজেদের নামে লিখল আফ্রিকার দেশটি। মেগা ফাইনালের নায়ক ইয়াসির জাবিরি। মরক্কোর হয়ে দুটি গোলই করেন লিওনেল মেসির এ পাঁড় ভক্ত।
ম্যাচের পর জাবিরি বলেন, ‘এই সফলতার জন্য প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং শিরোপা জিততে পেরে (আমরা) কৃতজ্ঞ। আমরা রাজা মোহাম্মেদ ষষ্ঠ এবং মরোক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) সভাপতি মহোদয়কে তাদের উপস্থিতি ও সহায়তার জন্য ধন্যবাদ জানাতে চাই। ফাইনালে তাদের উপস্থিতি আমাদের ব্যাপক মর্যাদা বহন করেছে।’
প্রথমবারের মতো দেশকে যুব বিশ্বকাপের গৌরব এনে দেয়ায় হৃদয় নিংড়ানো বার্তা দে মরক্কান রাজা মোহেম্মেদ ষষ্ঠ। এক বিবৃতিতে তিনি লেখেন, ‘যেভাবে তোমরা উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীদের আনন্দ ও প্রীতি প্রদান করেছ, ঠিক একইভাবে তোমরা মরক্কোর জনসাধারণের সঙ্গে আমাদের হৃদয়েও অনাবিল আনন্দের যোগান দিয়েছ।’
পুরো ম্যাচে আক্রমণ ও বল আধিপত্যে এগিয়ে থেকেও কাজের কাজটা করতে পারেনি রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৫৬ শতাংশ বল নিজেদের পায়ে রাখা আলবিসেলেস্তে যুবারা ১৯টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল ৪টি। মরক্কোর ৮টির মধ্যে লক্ষ্যে থাকে ৩টি শট। চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে দ্বাদশ মিনিটেই মরক্কোকে এগিয়ে নেন ২০ বছর বয়সী জাবিরি। দারুণ এক আক্রমণ চলাকালীন তাকে ডি-বক্সের বাইরে কিছুটা এগিয়ে এসে ফাউল করেন আর্জেন্টাইন গোলকিপার সান্তিনো বারবি। ভিএআরে দেখে বারবিকে হলুদ কার্ড দেখান রেফারি। সেখান থেকে বাঁ পায়ের এক দৃষ্টিনন্দন ফ্রি কিকে জাল খুঁজে নেন জাবিরি।
চিলি প্রতিবেশী দেশ হলেও, স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল এক টুকরো মরক্কোতে। মনে হচ্ছিল ঘরের মাঠেই খেলছে আফ্রিকার দেশটি। ২৯তম মিনিটে পুরো স্টেডিয়ামে আরেকবার প্রাণের জোয়ার বইয়ে দেন জাবিরি। ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডের উইঙ্গার ওথমান মাম্মা এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক ক্রস ঠেলে দেন জাবিরির দিকে। গোলপোস্টের খুব কাছ থেকেই নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করে মেসির উত্তরসূরিরা। তবে তাদের সব প্রচেষ্টাই বৃথা গেছে। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই হতাশায় মাঠে লুটিয়ে পড়েন আর্জেন্টাইন যুবারা।
মুদ্রার ওপর পিঠে, পাগলের মতো এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন মরক্কানরা। প্রথমবারের মতো শিরোপার স্বাদ কি না! পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাত থেকে ট্রফি নেন অধিনায়ক হোসাম ইসাদাক। এরপরই জয়োল্লাসে মাতে মরক্কান যুবারা।
ম্যাচের পর দলের কোচ মোহামেদ ওয়াহবি বলেন, ‘আমরা অপরিসীম আনন্দ অনুভব করছি। এ পর্যায়ে পৌঁছাতে এবং সব বাধা অতিক্রম করতে যে সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা আজ আমাদের স্মরণে ভাসছে। এমন মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য এবং দেশের ফুটবল উন্নয়নে নিরবচ্ছিন্ন প্রেরণার জন্য আমরা মহামান্য রাজা মোহাম্মদ ষষ্ঠ-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’











































