Home খেলাধুলা মোহামেডানের হোঁচট আবাহনীর হার

মোহামেডানের হোঁচট আবাহনীর হার

11


স্পোর্টস রিপোর্টার।।
টানা দ্বিতীয় ম্যাচে মলিন মুখে মাঠ ছাড়লো দুই জায়ান্ট দল আবাহনী-মোহামেডান। বাংলাদেশ ফুটবল লীগের (বিএলএল) দ্বিতীয় রাউন্ডেও আবাহনী ও মোহামেডান জয়ের দেখা পায়নি। গতকাল কুমিল্লায় আবাহনীর পরাজয়ের দিনে গাজীপুরে ড্র করে সাদা-কালো জার্সির দলটি। লীগের প্রথম রাউন্ডে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব আর ড্র করে অপর দুই জায়ান্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস।
কুমিল্লার ভাষা শহীদ ধীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন। পুরান ঢাকার গোপিবাগের দলটির হয়ে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা গোল করার পর লিড দ্বিগুণ করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস সিলভা। আবাহনীর হয়ে এক গোল পরিশোধ করেন সোলেমান দিয়াবাতে। প্রতিপক্ষের অতর্কিত আক্রমণে তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে আবাহনী। ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করে ব্রাদার্স ইউনিয়ন। শেষ দিকে আবাহনী এক গোল পরিশোধ করলে হারের ব্যবধানটাই কমেছে কেবল। গতবারের রানার্সআপ আবাহনীকে হারিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স। লীগের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি’র বিপক্ষে ০-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেলো ব্রাদার্স। অন্যদিকে প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আবাহনী। তৃতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ব্রাদার্স। পেনাল্টি এরিয়ায় বল পেয়ে অঞ্জনের কাছে কাটব্যাক দেন মার্কাস। বা পায়ের প্লেসিং শটে অনেকটা ফাঁকা জালে বল ঠেলে দেন নেপাল জাতীয় দলের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। এই ম্যাচে শুরুর একাদশে তিনজন নেপালের ফুটবলার খেলিয়েছে ব্রাদার্স।ম্যাচে দ্বিতীয় গোলেও অবদান অঞ্জনের। ৫৬ মিনিটে বা প্রান্ত দিয়ে বক্সে ঢোকার পর তাকে ফাউল করে ফেলে দেন হাসান মুরাদ। পেনাল্টি বাঁশি বাজান রেফারি; সফল স্পট কিকে গোলকিপার মিতুরকে পরাস্ত করেন মার্কাস সিলভা। দুই গোলে পিছিয়ে পরার পর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় আবাহনী। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে আবাহনী সময় নেয় ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিট পর্যন্ত। কর্নারের কাছ থেকে হাসান মুরাদের ক্রস থেকে হেডে গোল করেন দিয়াবাতে। আবাহনীর হয়ে বাংলাদেশ ফুটবল লীগে প্রথম গোল পেলেন দিয়াবাতে। তবে ম্যাচ জয়ের জন্য সেটি পর্যাপ্ত ছিল না। শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ধানমণ্ডির ক্লাবটি। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর মতো এতটা বিবর্ণ অবশ্য ছিল না মোহামেডান। ১৯ মিনিটে রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শটে সাদা-কালোদের এগিয়ে দেন রহিম উদ্দিন। ৪৯ মিনিটে শফিক কাগিমুর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান মোহাম্মদ বাবলু। ১-১ গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। ওই গোলের পর চেষ্টা করেও দুই দল পারেনি গোল করতে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। গতকাল লীগের আরেক ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয় পায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। তাদের সমান ৪ পয়েন্ট বাংলাদেশ পুলিশ এফসি’র। টেবিলের তিনে ও চারে থাকা ফর্টিস ও ব্রাদার্সের পয়েন্ট সমান তিন করে। তবে এক ম্যাচ কম খেলেছে ফর্টিস। পাঁচে থাকা বসুন্ধরা কিংসের সংগ্রহ এক ম্যাচে এক পয়েন্ট। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি আগামীকাল খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। বেলা সাড়ে ৫টায় গড়াবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ ফুটবল লীগের ম্যাচ সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।