স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে সর্বোচ্চ সম্মিলিত রান দেখা গেল আজ। ২০১৯-এর রেকর্ড (৪০৬) ভেঙে ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রান হয়েছে ৪০৭। রেকর্ডটিকে আরও বাড়িয়ে রাখত পারতো ব্ল্যাক ক্যাপরা। তবে আদিল রশিদের ঘূর্ণিতে ২৩৬ রানের লক্ষ্যে ১৭১ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৬৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথম ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে।
ক্রাইস্টচার্চে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে তান্ডব চালান ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট ও অধিনায়ক হ্যারি ব্রুক। দু’জনের কল্যাণে ৪ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে সফরকারীরা। রান তাড়ায় আদিল রশিদের ঘূর্ণিতে পড়ে ১৭১ রানেই গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের হয়ে আগে ব্যাট করতে নেমে ওপেনার সল্ট ফেরেন চতুর্থ ও শেষ উইকেট হিসেবে। ১১ চার ও ১ ছক্কায় ৫৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি।
তৃতীয় উইকেটে অধিনায়ক ব্রুককে নিয়ে ৬৯ বলে ১২৯ রানের জুটি গড়েন সল্ট। তবে দ্রুত রান তোলার কাজটা করেন ব্রুকই। ২২ বলে ফিফটি পূরণ করে ইংলিশ অধিনায়ক ফেরেন ৩৫ বলে ৭৮ রানের ইনিংসে। ব্যক্তিগত ৩৯ রানের মাথায় একবার জিমি নিশামের হাতে জীবন পান ব্রুক। কাইল জেমিসনের একই ওভারে ব্রুকের পর ফিরে যান সল্টও। ১২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন টম ব্যান্টন। ৩ বলে ৮ রানে আরেক অপরাজিত ব্যাটার স্যাম কারেন।
রান তাড়ায় দলীয় ১৮ রানের মধ্যে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। চারে নামা টিম সাইফর্টকে নিয়ে মার্ক চাপম্যানের ৫৯ রানের জুটিতে সম্ভাবনা জাগায় স্বাগতিকরা। তবে পরপর দুই ওভারে চাপম্যান (২৮) ও সাইফর্ট (৩৯) আউট হলে ফের খাদে পড়ে যায় ব্ল্যাক ক্যাপরা। শেষদিকে ১৫ বলে ৩৬ রানের ক্যামিও খেলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষ ব্যাটার হিসেবে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জ্যাকব ডাফি। ইনিংসে নিউজিল্যান্ড ১০টি উইকেটই হারায় ক্যাচ দিয়ে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রশিদ। ২টি করে নেন লুক উড, ব্রাইডন কার্স ও লিয়াম লিভিংস্টোন।
ফিরছেন উইলিয়ামসন
অবশেষে দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে নিউজিল্যান্ডের। প্রায় সাত মাসের বেশি সময় পর জাতীয় দলে ফিরছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। এ ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ব্ল্যাকক্যাপদের ইতিহাসের সফলতম ব্যাটার উইলিয়ামসনকে।











































