স্টাফ রিপোর্টার
ছোট পর্দার বর্তমান সময়ের প্রিয় মুখ নাজনীন নাহার নীহা। বেশ অল্প সময়েই নাটকে নিজের একটি অবস্থান তৈরি করেছেন তিনি। অল্পসংখ্যক নাটকে অভিনয় করলেও সেগুলোর মাধ্যমেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। সৌন্দর্য, গ্ল্যামার, অভিব্যক্তি, অভিনয়, দর্শকপ্রিয়তা- সবমিলিয়ে নির্মাতাদের কাছেও অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে পরিণত হয়েছেন তিনি। বিশেষ করে চলতি বছরেই তার কাজগুলো দর্শক বেশি পছন্দ করেছেন। জিয়াউল ফারুক অপূর্ব’র বিপরীতে ‘মন দুয়ারী’, ‘প্রিয় প্রজাপতি’, ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’, ফারহান আহমেদ জোভানের বিপরীতে ‘বেঈমান’, ‘সহযাত্রী’, ‘মায়াবতী’, ‘মিথ্যে প্রেমের গল্প’ তৌসিফ মাহবুবের বিপরীতে ‘চুপকথা’ ও ইয়াশ রোহানের বিপরীতে ‘উইশকার্ড’ নাটকগুলোর মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন নীহা।
শুধু তাই নয়, নাটকগুলোর মাধ্যমে অনেকেরই প্রিয় অভিনেত্রীর তালিকায় উঠে এসেছেন তিনি। এদিকে, অভিনয়ের এ পর্যায়ে এসে বেশ বুঝে শুনেই পথ চলছেন নীহা। সব ধরনের নাটকে অভিনয় করতে ইচ্ছুক নন তিনি। ভালো ও বড় আয়োজনের নাটকেই এখন পর্যন্ত দেখা গেছে নীহাকে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি। নীহা বলেন, অল্প সময়ে যে ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছে সেটা অমূল্য। এর মাধ্যমে আমার দায়িত্বও অনেক বেড়েছে বলে মনে করি। সেভাবেই নাটক নির্বাচন করছি। একটু বুঝে শুনে এগোচ্ছি। এরইমধ্যে নতুন বেশ কিছু নাটকে অভিনয় করেছি। এগুলো সামনে মুক্তি পেলে দর্শকদের আরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।









































