Home খেলাধুলা ‘চেষ্টা সবসময়ই থাকে, ভাগ্য-রিজিক এক রকম থাকে না’

‘চেষ্টা সবসময়ই থাকে, ভাগ্য-রিজিক এক রকম থাকে না’

3


স্পোর্টস ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলংকার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য ১ বল ও ৬ উইকেট হারিয়ে অতিক্রম করেছে টাইগাররা। জোড়া হাফ সেঞ্চুরিতে টাইগারদের জয়ের নায়ক ওপেনার সাইফ হাসান ও চারে নামা তাওহিদ হৃদয়।

১৬৯ রানের লক্ষ্যে প্রথম ওভারে তানজিদ হাসান তামিমকে হারালেও ইতিবাচক খেলতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন সাইফ ও লিটন। পাওয়ার প্লের ৬ ওভারেই আসে ৫৯ রান। ১৬ বলে ২৩ রান করে লিটন ফিরলেও হৃদয়কে নিয়ে জয়ের পথে বাংলাদেশকে এগিয়ে নেন সাইফ। ১১৪ রান পর্যন্ত আর কোনো উইকেট হারাতে দেননি তারা। এরপর ৪৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৬১ রান করে ফেরেন সাইফ।

এই ওপেনার ফিরলেও শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে দলের রান ১৫৯ পর্যন্ত নিয়ে যান হৃদয়। ১৯তম ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগে ৩৭ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন হৃদয়। শেষ ৯ বলে দরকার হয় ১০ রান। ১৯তম ওভারের বাকি ৩ বলে জাকেরের বাউন্ডারিসহ ৫ রান এলে শেষ ওভারে প্রয়োজন পড়ে ৫ রানের। এরপর দেখা যায় শেষ ওভারের সেই নাটক। এক পাশে জাকের (৪ বলে ৯), মেহেদি ফিরলেও আরেক পাশে ১২ বলে ১৪ রানে অপরাজিত থাকেন শামীম।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ইনিংসের টোন সেট করে দেওয়া সাইফ।

সাইফ ম্যাচ সেরা হলেও মাঝের সময়ে হাল ধরা হৃদয় দলকে জেতাতে দারুণ ভূমিকা রাখেন। কিছুদিন অফফর্মে থাকা এই তারকা রানে ফিরে যেন হুঙ্কার দিলেন।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হৃদয় লিখেন, ‘চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় এক রকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষ টুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য।’