Home খেলাধুলা ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরও ১৭১ রানে থামল পাকিস্তান

ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরও ১৭১ রানে থামল পাকিস্তান

9


স্পোর্টস ডেস্ক।।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপপর্বে ১২৭ রানের বেশি করতে না পারলেও সুপার ফোরের ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। তবে শুরুর সেই আক্রমণাত্মক ব্যাটিং মাঝের ওভারগুলোতে ধরে রাখতে পারেনি সালমান আলি আগার দল। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানেই থামতে হয়েছে পাকিস্তানকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। যদিও তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ২১ রানে ফেরেন ৯ বলে ১৫ রান তোলা ফখর। তবে এরপর দলের রান দারুণভাবে সচল রেখে ৯৩ পর্যন্ত নিয়ে যান ফারহান ও সাইম।

১৭ বলে ২১ রান করে শিভাম দুবের করা ১১তম ওভারের তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন সাইম (১৭ বলে ২১)। তার পতনের পরই এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। ১১৫ রানের মধ্যেই হারিয়ে বসে ৪ উইকেট। এর মধ্যে আউট হন ৪৫ বলে ৫৮ (আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ফিফটি) রান করা ফারহান ও ১১ বলে ১০ রান করা হুসাইন তালাত।

এরপর মোহাম্মদ নওয়াজ ও সালমান মিলে ৩৪ রান যোগ করলেও সময়ের দাবি অনুযায়ী তা ছিল ধীরগতির। ১৯তম ওভারের তৃতীয় বলে নওয়াজ ফিরলে ভাঙে এই জুটি। ১৯ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে অধিনায়ক সালমানের ১৩ বলে ১৭ ও ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯১ রান তোলা পাকিস্তান শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ৮০ রান। তাতে ১৭১ রানেই থামে দলটি।