স্টাফ রিপোর্টার
খুলনা জেলার কয়রা উপজেলার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২ লাখ ৯৬ হাজার জাল রুপিসহ তিনজন প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
আসামিরা হলেন খুলনা জেলার কয়রা থানার ফতেকাটি গ্রামের মো. আমিন উদ্দিন মোল্যার ছেলে সাইফুল ইসলাম (২২), সাতক্ষীরার আশাশুনি থানার কুড়িকাহুনিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে মো. রমজান আলী (২৩) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. কাজল ইসলাম (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, তাদের কাছ থেকে সিমেন্টের বস্তার তৈরি ব্যাগের মধ্যে টুকরা টুকরা কাপড় দ্বারা মোড়ানো ২ লাখ ৯৬ হাজার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়। এসময়ে তাদের ব্যবহৃত নীল রঙের রেজিষ্ট্রেশন বিহীন ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় জাল রুপি সংগ্রহ করে খুলনার বিভিন্ন এলাকাতে বাংলাদেশী টাকার বিনিময়ে সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সর্বশেষ এঘটনায় জেলা গোয়েন্দা শাখাার এসআই মো. নাজমুল হক বাদী হয়ে কয়রা থানায় মামলা দায়ের করেছেন।











































