Home আঞ্চলিক খুলনায় এক বছরে আশা’র ১৩০ মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান

খুলনায় এক বছরে আশা’র ১৩০ মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান

11


স্টাফ রিপোর্টার
গেল এক বছরে খুলনায় ১৩০জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য ৪৭ লাখ টাকা বৃত্তি প্রদান করেছে শীর্ষ ক্ষুদ্রঋণ দাতা সংস্থা আশা। এ সময়ে সংস্থাটি জেলায় লক্ষাধিক সুবিধাবঞ্চিত মানুষকে ৮০০ কোটি টাকারও বেশী ক্ষুদ্রঋণ সহায়তা দিয়েছে। এছাড়াও ঋণের লভ্যাংশ থেকে ৫ লাখ ১৭ হাজার টাকা কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাতে খরচ করা হয়েছে। চলতি অর্থবছরে সংস্থাটি হাজার কোটি টাকা ঋণ সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে আরো ১ লাখ ২০ হাজার মানুষ উপকৃত হবেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে বিভাগীয় মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
আশার খুলনা বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল্লাহ আল-হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আনোয়ার সাদাত । অতিরিক্ত ব্যবস্থাপক মো: সাহেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক এনামুল হক। বক্তব্য দেন আশার জেলা ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান।
মতবিনিময়কালে জানানো হয়, আশা চার দশকের বেশী সময় ধরে দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে চলেছে। এই ক্ষুদ্রঋণ আত্মনির্ভর ও স্ব-অর্থায়িত, নিজস্ব সম্পদ নির্ভর ও অনুদান মুক্ত, সর্বক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী নীতির কঠোর অনুসরণ করা হয়। উদ্বৃত্ত আয় থেকে সিএসআর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা খুলানা জেলায় ৫৬টি শাখার মাধ্যমে ২০২৪-২০২৫ অর্থবছরে ১ লাখ ১৮ হাজার ২২৩ জনকে ৮০০ কোটি ৪০ লাখ টাকা ঋণবিতরণ করেছে। প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরনের আওতায় া জেলায় ২৪টি শাখায় ৩৬০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১১ হাজার ১৭৫ জন শিশুকে শিক্ষাদান, একটি ফিজিওথেরাপী সেন্টার ও একটি স্বাস্থ্যসেবা ক্লিনিক চালু করেছে। সংস্থাটি সচেতনতা বৃদ্ধি ও সেবা সম্প্রসারণ করতে চায়।
মতবিনিময় সভায় খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেন।