স্টাফ রিপোর্টার
নগরীর আহসান আহমেদ রোডের ক্লিনিক ভিক্টরী নার্সিং এন্ড ইনফারলিটি ম্যানেজমেন্ট সেন্টার এর স্বত্ত্বাধিকারী প্রফেসর ডাক্তার শামছুন নাহার লাকি তার বাড়ির গৃহপরিচারিকা আকলিমা খাতুন (৫৫) সহ চারজনের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেছেন।
খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতের বিচারক মো. আনিছুর রহমান নালীশি পিটিশনটি আমলে নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেছেন। নালীশি পিটিশনে অন্য বিবাদীরা হলেন আকলিমা খাতুনের দু’ছেলে আজিম (৩০) ও আহাদ (২৮) এবং আকলিমা খাতুনের ভাই আসলাম পাইক (৫০)। তারা সকলেই খুলনা জেলার রূপসা থানাধিন নারকেলি চাঁদপুর গ্রামের বাসিন্দা। নালীশি পিটিশন সুত্রে জানা যায়, বাদী ৫৮/১, আহসান আহমেদ রোড-এ ৩ তলা বিশিষ্ট ভবনের ৩য় তলায় বসবাস করেন এবং উক্ত ভবনের ১ম ও ২য় তলা বাদীর ক্লিনিক ভিক্টরী নার্সিং এন্ড ইনফারলিটি ম্যানেজমেন্ট সেন্টার। আসামি আকলিমা খাতুন ১৯৯৯ সালের ৫ জানুয়ারিতে থাকা, খাওয়া ও চিকিৎসাসহ মাসিক ৩৫০ টাকা বেতনে বাদীর বাড়ীতে গৃহপরিচারিকা হিসাবে কাজ শুরু করে। পরবর্তীতে বেতন বৃদ্ধি হইয়া ২০২৫ পর্যন্ত ৮হাজার টাকায় উন্নীত হয়। আকলিমা কর্মজীবন শুরু করার কিছুদিন পর তাহার স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত হয়ে বাদীর সহানুভূতি প্রাপ্ত হয়। সে বাদীর ২ সন্তানকে লালন পালন করায় বাদী আকলিমার প্রতি প্রবল বিশ্বাস স্থাপন করে। বাদী তার ডাক্তারী পেশায় ব্যস্ত থাকার কারণে আকলিমা সংসারের যাবতীয় কার্যাদী এবং খরচাদি পরিচালনা করতে থাকেন। উক্ত বিশ্বাসের সুযোগে দুষ্ট মন নিয়ে সে সংসারের খরচের কথা বলে বাদীর ঘরে রক্ষিত টাকা এবং ক্লিনিক ম্যানেজারের কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করে আত্মসাৎ করতে থাকে। বাকীর দোকান থেকে অতিরিক্ত পন্য ক্রয় করে ৩ ও ৪নং আসামীর মাধ্যমে হস্তগত করে। বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন হলে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে ৬০ হাজার টাকা করে গ্রহণ করে। অথচ বাদীর বিদ্যুৎ বিল প্রতি মাসে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ হাজার টাকা করিয়া আসে। আকলিমা শুধুমাত্র বিদ্যুৎ বিল থেকে প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারণামূলক আত্মত্মসাত করেছে। সে বাদীর বাড়ি থেকে বিভিন্ন সময় মূল্যবান জিনিসপত্র, ৬ ভরি সোনার গহনা মূল্য অনুঃ ৬ লক্ষ টাকা চুরি করে ৩ ও ৪নং আসামীর মাধ্যমে স্থানান্তর করেছে যা ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। ১নং আকলিমা স্বল্প বেতনের গৃহপরিচারিকা হওয়া স্বত্ত্বেও ৩ ও ৪ নং আসামীকে মোটরসাইকেল ও ইজিবাইক কিনে দিয়েছে যাহার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এছাড়াও সে তার ভাইয়ের ছেলেকে একটি মোটর সাইকেল কিনে দিয়েছে যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। সে বাদীর চুরি করা টাকা হতে নিজ গ্রামে ৬ কাঠা জমি কিনে একতলা বাড়ি করেছে। উক্ত ৬ কাঠা বাড়ীর সম্মুখে মার্কেট নির্মাণ করেছে। ঐ বাড়ীতে ২টি এ/সি টিভি, ফ্রিজ, দামী ফার্নিচার, আকাশ ডিস এন্টিনাসহ মূল্যবান সামগ্রী কিরেছে। সে তিনটি ব্যাংক এ্যাকাউন্ট পরিচালনা করে। এছাড়াও সে দুইটি ইন্সুরেন্স করেছে, যাতে ১,১৫,৬৮৮ টাকা জমা আছে। সর্বশেষ চলতি বছরের ১ আগস্ট বাদীর ড্রাইভারের মাধ্যমে চুরি ও আত্মসাতের বিষয় জানতে পেরে খোজখবর নিয়ে চুরি, আত্মসাত এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গের বিষয়ে নিশ্চিত ও হতবাক হন। ২ আগস্ট আকলিমাকে জিজ্ঞাসা করলে সে আকস্মিকভাবে ধরা পড়ার উপক্রম দেখে চুরি ও আত্মসাতের বিষয়ে স্বীকার করে। বাদী আকলিমার আপন ভাই আসলাম পাইককে খবর দিলে আকলিমা তার ভাইয়ের মাধ্যমে চুরিকৃত অর্থের মধ্যে হইতে ৬,৬১,৪০০ টাকা বাদীকে প্রদান করেন এবং নিজ জিম্মায় সুস্থ অবস্থায় তাকে নিয়ে যায়। এসময় আসলাম লিখিত অঙ্গীকার করেন, অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে চুরি ও আত্মসাতকৃত বাকী টাকা ৬ আগস্ট বাদীকে বুঝাইয়া দিবেন। আকলিমা অন্য বিবদীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরিয়া বাদীর প্রায় এক কোটি টাকা অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে চুরি ও আত্মসাত করেছের। পরবর্তীতে তারা ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বাদীর ক্লিনিকে আসে এবং উভয় পক্ষের আলাপ আলোচনার একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে শর্তানুযায়ী বাদীর চুরি ও আত্মসাতকৃত টাকা ফেরত না দিয়ে বাদীকে জীবন নাশের হুমকি প্রদান করেন। এঘটনায় ডাক্তার শামছুন নাহার লাকির পক্ষে তার ভাই আলিমুর রেজা বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে নালীশি পিটিশনটি দাখিল করেন যার সিআর নং-৯৯৪/২৫।











































