Home Lead যশোরে নষ্ট হচ্ছে ১২৫ কোটি টাকার ৪ লেন

যশোরে নষ্ট হচ্ছে ১২৫ কোটি টাকার ৪ লেন

22


যশোর অফিস
যশোরের ব্যবসায়ীরা ৩ মাস আগেও বলেছিলেন, কিছুদিনের মধ্যে তারা রাস্তায় রাখা মালামাল সরিয়ে নেবেন। এতে প্রায় ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোরের চার লেনের সড়কটি রক্ষা পাবে। কিন্তু বৃহস্পতিবার সকালে গিয়েও দেখা গেছে শহরের মণিহার থেকে মুড়লি পর্যন্ত প্রায় ৩ কিমি. রাস্তার বেশির ভাগই মোটর পার্টস ব্যবসায়ী ও গাড়ির বডি তৈরির কাজে জড়িত ব্যবসায়ীদের দখলে রয়েছে।
সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, শহরের মণিহার থেকে মুড়লি পর্যন্ত যানজট লেগেই থাকত। এছাড়া সরু রাস্তায় বর্ষায় পানি-কাদায় মাখামাখি আর গ্রীষ্মে প্রচুর ধুলো ছিল নিত্যদিনের সঙ্গী। এ জনদুর্ভোগ কমাতে ২০১৯ সালের ১ অক্টোবর ‘মণিহার থেকে মুড়লি ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প’র কাজ শুরু হয়। সড়ক উপবিভাগ-২, যশোর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী শাহজাদা ফিরোজ বলেন, ১২৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৯ কিমি. রাস্তার কাজ হয়েছে। আগামী ৩ বছরে প্রাকৃতিক কোনো দুর্যোগে রাস্তার ক্ষয়ক্ষতি হলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেরামত করবে। কিন্তু মনুষ্যসৃষ্ট ক্ষতি তারা সংস্কার করবে না।
সরেজমিন দেখা গেছে, চার লেনের এই মহাসড়কের পাশে আরও বেশ চওড়া রাস্তা রয়েছে ধীরগতি সম্পন্ন যানবাহন চলাচলের জন্যে। কিন্তু সেই রাস্তার বেশির ভাগ অংশ দখলে রেখে ব্যবসায়ীরা কাজ করাচ্ছেন। মোটর পার্টস ব্যবসায়ী, গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠান, গ্যাস সিলিন্ডার বিক্রেতা, বিভিন্ন রুটের পরিবহণের বাস গোটা রাস্তা দখলে রেখেছে।
সড়কের ওপরে গাড়ির ইঞ্জিন ও বডি তৈরির ফলে নষ্ট হচ্ছে রাস্তা। গাড়ির ইঞ্জিনে থাকা পেট্রোল, ডিজেল, গ্রিজ ইত্যাদি পড়ে রাস্তার বিটুমিন নষ্ট হচ্ছে। এর ফলে রাস্তায় ফের ছোট ছোট গর্ত হয়েছে। তাছাড়া দখলে রেখে কাজ করার ফলে যে যানজট হ্রাসে এই প্রকল্পটি গ্রহণ করা হয়, তার সুফলও নগরবাসী পাচ্ছেন না।
মোটর পার্টস ব্যবসায়ী পারভেজ শেখ জুনে এই প্রতিনিধিকে বলেছিলেন, আলাদা একটা জায়গা নিয়েছি। তার শেডের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব ইঞ্জিন-পার্টস সরিয়ে ফেলব। কিন্তু ৪ সেপ্টেম্বর সেখানে গিয়ে রাস্তার ওপরে গাড়ির ইঞ্জিন, তেল-মবিলে সয়লাব অবস্থায় দেখা গেছে। এ বিষয়ে তিনি বলেন, আমি বেশ কিছু মালামাল সরিয়ে ফেলেছি। আর যা আছে, তা দ্রুত সরানো হবে।
সড়ক উপবিভাগ-২, যশোর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী শাহজাদা ফিরোজ বলেন, চার লেন মহাসড়কের দুপাশেই এসএমভিটির (স্লো মোশন ভেহিকেল ট্রান্সপোর্ট) জন্য রাস্তা করা হয়েছে। কিন্তু মণিহার-মুড়লি মহাসড়কের দুপাশে দুই শতাধিক দোকানি রাস্তা দখলে রেখেছেন। তিনি জানান, প্রতি বর্গফুট রাস্তায় খরচের অঙ্ক দশ হাজার টাকারও বেশি। কিন্তু ব্যবসায়ীরা এই রাস্তা নষ্ট করছেন। কয়েক দফা মাইকিং করেছি ওইসব মালামাল সরিয়ে নিতে, রাস্তার ওপরে ভারী যানবাহন রেখে কাজ যাতে না করে। কিন্তু তারা কর্ণপাত করেনি। জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতে আমাদের নির্বাহী প্রকৌশলী বিষয়টি কয়েক দফা উত্থাপন করেছেন। কিন্তু তারা কর্ণপাত করেন না।
এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে জেলার পরিবহণ মালিক, শ্রমিক, ব্যবসায়ীদের সঙ্গে আমরা কয়েক দফা বসেছি। তারা অঙ্গীকারও করেছেন। যেহেতু তারা সেগুলো সরাননি, সে কারণে খুব শিগগিরই সংশ্লিষ্টদের সমন্বয়ে আমরা অভিযান পরিচালনা করব।