Home আঞ্চলিক ৩৬ লাখ টাকা আত্মসাৎ বিপদে এনজিওর গ্রাহক

৩৬ লাখ টাকা আত্মসাৎ বিপদে এনজিওর গ্রাহক

24


নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামে একটি এনজিওর মাঠকর্মীর বিরুদ্ধে গ্রাহকের ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিশেহারা ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বিভিন্নজনের কাছে ধরনা দিচ্ছেন। অভিযোগ ওঠা মাঠকর্মীর (এফএইচডি) নাম মোছা. দিতি খানম। তিনি উপজেলার নলদী শাখায় কর্মরত। ক্ষতিগ্রস্ত এসব গ্রাহকরা কেউ বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন, কেউ ভ্যানচালকের স্ত্রী, গৃহিণী, দিনমজুর ও কেউবা চায়ের দোকানদার।
রুবিয়া খানম নামে এক ভুক্তভোগী জানান, তিনি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী লোনের কিস্তির টাকা দিয়ে যাচ্ছেন। কিন্তু মাঠকর্মী দিতি কিস্তি পরিশোধের বই তাঁকে দেননি। বই তাঁর (দিতি) কাছে রেখেছেন। পরে বই দেখিয়ে তাঁর নামে আরও একটি ঋণ উঠিয়েছেন। সেই ঋণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। এখন শুনছেন তাঁর নামে আরও ২২ হাজার টাকা ঋণ আছে। এ ছাড়াও তিনি যে টাকা জমা দিয়েছেন, সেই টাকাও বইয়ে ঠিকমতো তোলা হয়নি। এখন বিষয়টি জানাজানি হলে তাঁকে একটি বই দিয়েছেন দিতি। বইটিতে যে ছবি দেওয়া আছে সেটি তাঁর না।
রুবিয়ার মতো বিউটি বেগম, নূর জাহান, পাখী বেগম, ময়না বেগম, জনতা বেগমসহ অনেকেই টাকা ঋণ নিয়ে, আবার কেউ ঋণ চেয়ে বিপাকে পড়েছেন। তাদের ছবি, এনআইডি কার্ড ব্যবহার করে ঋণ তোলা হয়েছে, তারা সেটি জানেন না।
গৃহবধূ জনতা বেগম (৩০) বলেন, ঘর নেই তাঁর। তাঁর স্বামী নতুন ঘর তোলার জন্য ৫০ হাজার টাকা ঋণ করতে বলেন। দিতি (মাঠকর্মী) জানান, ৫০ হাজার টাকা ঋণ পেতে পাঁচ হাজার টাকা সঞ্চয় দেখাতে হবে। ঋণ করে তিনি পাঁচ হাজার টাকা সঞ্চয় জমা করেন। এর পর পাঁচ-ছয় মাস পার হলেও তিনি ঋণ পাননি। এখন শুনছেন তাঁর নামে ৭০ হাজার টাকা ঋণ তোলা হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ পেয়ে শাখা ব্যবস্থাপক ও এরিয়া ব্যবস্থাপক একাধিকবার মৌখিকভাবে টাকা ফেরত দেওয়ার জন্য দিতি খানমকে অনুরোধ করলেও তিনি তা পরিশোধ করেননি।
সবশেষ গত ২১ আগস্ট দিতি খানমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম। শহিদুলের পক্ষে আইনজীবী অ্যাড. আবু বকর সিদ্দিকীর পাঠানো ওই নোটিশে বলা হয়, দিতি খানম মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে নকল কাগজপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে ঋণ উত্তোলন করেন। একই সঙ্গে সদস্যদের কাছ থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এতে তিনি মোট ৩৬ লাখ ৩৩ হাজার ৫০৪ টাকা আত্মসাৎ করেন। নোটিশে দিতি বেগমকে গ্রাহকের আত্মসাৎকৃত টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
এদিকে প্রতিষ্ঠানের করা লিগ্যাল নোটিশকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক দাবি করেছেন দিতি খানম। তিনি বলেন, মাঠকর্মীর কাজ কেবল ঋণ ও সঞ্চয় আদায় করে অফিসে জমা দেওয়া। নতুন সদস্য অনুমোদন, ঋণ যাচাই ও বিতরণ সম্পূর্ণ শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে। তাঁর শাখার সাবেক হিসাবরক্ষক উম্মে হাবিবা, এরিয়া ম্যানেজার হারুন-অর-রশিদ ও শাখা ব্যবস্থাপক এএইচ এম কামাল পরস্পর যোগসাজশে নকল সদস্য বানিয়ে ঋণের টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের লোহাগড়া উপজেলার নলদী শাখার এরিয়া ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, সদস্যদের মিথ্যা কথা বলে আইডি কার্ড ও ছবি পরিবর্তন এবং সাজানো কাগজপত্র দিয়ে ঋণ তুলে আত্মসাৎ করেছেন মাঠকর্মী দিতি বেগম। এখন উদ্দেশ্যমূলকভাবে তাদের নামে মিথ্যা অভিযোগ করেছেন তিনি।