স্টাফ রিপোর্টার
সরকার পরিবর্তন হয়। এমডি পরিবর্তন হয়, কিন্তু মহিদুলরা নড়ে না। মহিদুলদের চেয়ার স্থায়ী। এই সুযোগে স্বজনপ্রীতিসহ নিয়োগ বাণিজ্যে মহিদুলরা বেপরোয়া। এই মহিদুল চক্রই আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। খুলনার শিরোমনিতে বাংলাদেশ কেবর শিল্প লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে সেই পুরানো আওয়ামী সিন্ডকেট। সিন্ডিকেটটি এখন একটি নতুন বলয় সৃষ্টি করেছে। এর মূলে রয়েছে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দপ্তরে ব্যবস্থাপক (সমন্বয়) অতিরিক্ত দায়িত্বে থাকা আলোচিত এম এম মহিদুল ইসলাম। দেশের সরকার পরিবর্তন হয়, এমডি পরিবর্তন কিন্তু মহিদুল থাকেন বহাল তবিয়তে। শতভাগ আওয়ামী পরিবারের এই এম এম মহিদুল ইসলাম যখন যে এমডি আসেন তাকে ম্যানেজ করে চলেন। সাধারণ কোনো কর্মকর্তা কোনো কিছু করতে গেলে তার অনুমতি ছাড়া কিছু হয় না। এমডি’র সঙ্গে সাক্ষাত থেকে সব কিছু নিয়ন্ত্রক কর্তা মহিদুল ইসলাম। ২০১৩ বিতর্কিত এমডি আব্দুল মজিদ খানের একটি সাজানো নিয়োগের মাধ্যমে মহিদুল ইসলাম নিয়োগ পান এবং এমডি’র অঘোষিত এপিএস-এর দায়িত্ব পালন করে আসছেন। সেই থেকে সবকিছু তার নিয়ন্ত্রণে এমডি দপ্তর। এই সুযোগে পদোন্নতি নিয়ে তিনি এখন ব্যবস্থাপক (সমন্বয়) পদে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
যশোরের অভয়নগ উপজেলার নাউলি গ্রামের বাসিন্দা ধুরন্ধর মহিদুল ইসলাম যশোর-৪ আসনের সাবেক এমপি এনামুল হক বাবুলের ঘনিষ্ট সহযোগী। ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনে সে ছিল সক্রিয় কর্মী। পরবর্তীতে ডামি নির্বাচনে জয়ী হওয়া এমপি এনামুল হক বাবুলকে তার পরিবার সংবর্ধনা দেয়। সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে দেখা যায়।
এদিকে দীর্ঘদিন এমডি দপ্তরে থাকার সুবাদে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহিদুল ইসলাম ননটেকনিক্যাল হয়েও একাধিকবার বিদেশ সফর করেছেন ক্ষমতার অপব্যবহার করে। তাছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্য না হওয়া সত্ত্বেও তাকে পাঠানো হয় অংশগ্রহণকারী হিসেবে। ইতোমধ্যে সকল নিয়োগ ও পদোন্নতিতে তার প্রভাব বলয় সৃষ্টি হয়। তার গত ২০২০ সালের ১২ মার্চ নিজ ক্ষমতা এবং প্রভাবে তার বোনের ছেলে খাইরুল আলম সবুজ ও ভাইয়ের ছেলে ইমাম হাসানকে সাহাহ্যকারী পদে নিয়োগ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। এছাড়া বোনের জামাইসহ আরও ৫/৬ জনকে আউটসোর্সিংয়ে নিয়োগ দিয়েছেন।
কেবল শিল্পের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ শর্তে জানান, প্রকৌশলী না হওয়া সত্ত্বেও সাবেক এমডি (অতিরিক্ত) আব্দুল মজিদ খান দায়িত্ব নেওয়ার পর এ অনিয়ম ওপেন সিক্রেট হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্সের ছাত্র হয়েও একটি প্রকৌশল সংশি¬ষ্ট প্রতিষ্ঠানের এমডি’র দায়িত্ব পান রাজনৈতিক বিবেচনায়। তার আমলে ২৪ জন কর্মকর্তা এবং ৬৩ জন ডেইলি শ্রমিককে নিয়োমিত নিয়োগ দেওয়া হয়। প্রত্যেকটি পদের বিপরীতে কয়েক লক্ষ টাকার ঘুষের পাশাপাশি স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব কাজ করেছে। সিবিএ’র একজন সাধারণ সম্পাদককের (যিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত) ছেলেকে নিয়োগ দেওয়া হয়েছে প্রভাব খাটিয়ে। ওই নিয়োগে বুয়েট, কুয়েট, রুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রার্থীরা অংশ নিলেও লিখিত পরীক্ষায় সিবিএ নেতার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও প্রথম স্থান করে। যা নিয়ে সন্দেহ সৃষ্টি হয় এবং মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকা নিয়োগ বোর্ডের সদস্য কুয়েটের প্রফেসর রফিকুল ইসলাম তা মেনে নিতে পারেন নি। তিনি লিখিত পরীক্ষা সম্পর্কে প্রশ্ন করলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। পরে তিনি বোর্ড থেকে চলে যান এবং তার স্বাক্ষর ছাড়াই নিয়োগ সম্পন্ন করা হয়। একাধিক কর্মচারী জানান, লিখিত পরীক্ষার প্রশ্ন এবং খাতা বাসায় লিখে সেটি জালিয়াতির মাধ্যমে দেওয়া হয়। সাবেক এমডি আব্দুল মজিদ খানের সময় যেগুলো নিয়োগ হয়েছে তার সবগুলো অনিয়মের মাধ্যমে বলে স্বীকার করেন অনেক কর্মকর্তা। তারা বলেন, কেবল শিল্পে এমডি সর্বেসেরা। এখানে কেউ মুখ খুলতে সাহস পায়না। তার দপ্তর এবং আশে-পাশে যারা থাকে তারা ঘিরে রাখে। ভালো এমডি দায়িত্ব পেলেও তার কাছে যেতে হলে এই সিন্ডিকেট বাধা হয়ে দাঁড়ায়।
বলতে গেলে সেটি ছিল আওয়ামী সিন্ডিকেট। ওই সময় কোনো কোনো পদে ১০ থেকে ১২ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে শোনা যায়। এমনকি নিয়োগের আগে কে কে নিয়োগ পেতে যাচ্ছে চাউর হলেও করার কিছু ছিল না। সেই সিন্ডিকেট এখনও বহাল রয়েছে এবং নতুন করে তারা নিয়োগ বাণিজ্য করছে কৌশলে। গত ২০২৪ সালের ৫ আগস্ট সিন্ডিকেটটি চুপচাপ থাকলেও তার ভোল পাল্টে আবারও সক্রিয় হয়ে উঠেছে।
খুলনার শিরোমনিস্থ বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের ২৩ পদে স্থায়ী কর্মকর্তা-কর্মচারী পদে শানিবার (৬ সেপ্টেম্বর) কিছু পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বাকী পদগুলো আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হবে। গত বছরের ১৯ ডিসেম্বর এ আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২০ জানুয়ারি ছিল আবেদনের শেষ তারিখ। এই নিয়োগকে কেন্দ্র করে মহিদুল গংরা এখন সক্রিয়।
এব্যাপারে এম এম মহিদুল ইসলামের সঙ্গে তার সেল ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান, তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুইবার চীন সফরে গেছেন। তার ভাগ্নে-ভাইপো, বোনের জামাই নিয়োগের বিষয়টি স্বীকার বলে বলেন, আমার সম্পর্কে খোঁজ-খবর নেন এবং রিপোর্ট করেন, বলে দাম্ভিকতার সুরে ফোন কেটে দেন।
প্রায় সোয়া এক ঘণ্টার পর মহিদুল ইসলাম কল ব্যাক করে বলেন, আমার নিকট আত্মীয়দের চাকরী হয়েছে বৈধভাবে। তিনি সিবিএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমানের ছেলে মোজাহিদুর রহমানের বিরুদ্ধে দুদক তদন্ত করে তার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ধরা পড়লেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরতমানে তিনি ম্যানেজার মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন।
এব্যাপরে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের এমডি মোঃ শহিদুুল ইসলামের ব্যবহৃত সেল ফোন ০১৫৫০-১৫১৩১৮ একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।











































