স্টাফ রিপোর্টার
প্রাকৃতিক দুর্যোগে ভাঙেনি বাঁধ, ঘটেনি কোনো বিপর্যয়, তবু মাসের পর মাস, পানিবন্দী জীবন বিল ডাকাতিয়ার কয়েক লাখ মানুষ। অল্প বৃষ্টিতেই বাড়ে পানি, বন্ধ হয় হাজারো পরিবারের রান্না-খাওয়া, রাত কাটে নির্ঘুম। এ চিত্র বিল ডাকাতিয়ার।
দেশের অন্যতম বৃহৎ বিল ডাকাতিয়াসহ খুলনার ডুমুরিয়া-ফুলতলায় অবস্থিত অর্ধশত গ্রামের মানুষ জলাবদ্ধ অবস্থায় রয়েছেন। ৩ মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার একর মাছের ঘের ও সবজিক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। কোনো কোনো জায়গার রাস্তাও পানির নিচে। তলিয়ে গেছে একাধিক বিদ্যালয় চত্বর। দীর্ঘদিনেও পানি না নামায় নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফসল, ভেসে গেছে ঘেরের মাছ। অভাব-অনটন আর রোগে-শোকে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে জলাবদ্ধতার স্থায়ী নিরসন ছাড়া কোনো দাবি নেই তাদের। ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের বাসিন্দা অচিন্ত বিশ্বাস বলেন, কোথাও শুকনো জায়গা নেই। চারিদিকে পানি। দিনের পর দিন এভাবে থাকতে থাকতে আমরা জলজ প্রাণি হয়ে যাচ্ছি। রোগ-শোক লেগেই আছে।
একই এলাকার হেমন্ত মন্ডল বলেন, ‘বাপ-দাদার ভিটে এখানে, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। থাকলে অনেক আগেই এ এলাকা ছেড়ে চলে যেতাম। দিনের পর দিন, মাসের পর মাস পানিবন্দি জীবন। ছেলে মেয়েরা স্কুল-কলেজে যেতে পারে না। আমাদের আয়-রোজগার বন্ধ। ফসল নষ্ট হয়ে গেছে, ঘেরের মাছ ভেসে গেছে। এভাবে কোনো মানুষ থাকতে পারে না।’ পার্শ্ববর্তী এলাকার মোসলেম শেখের সাথে কথা হয় শুক্রবার জুমার নামাজ শেষে। তিনি বলেন, এলাকা ঘুরে দেখেন ভাই, কোনো মানুষ মারা গেলে তাকে দাফনের জায়গাটুকুও নেই আমাদের। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেয়া যে কত কঠিন শুধু আল্লাহ জানে। আমরা চাই যে কোনো মূল্যে পানি সরানোর ব্যবস্থা করুক। কত প্রকল্প আসলো, কোটি কোটি টাকা ব্যয় ও লুটপাট হলো, কিন্তু আমাদের অবস্থার উন্নয়ন হলো না। আমেনা খাতুন নামের এক নারী বলেন, রান্নাঘর পানির নিচে। কোনো রকম মাচা করে একটু রাঁধি। ঘরের মধ্যে সাপও চলে আসে। কখন জানি অঘটন ঘটে, ছেলে-মেয়ে নিয়ে ভয়ের শেষ নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম শোলমারী নদীর ১০ ভেন্টের স্লুইসগেট। একাধিক প্রকল্পে বিভিন্ন সময় পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও শোলমারী নদী মরে যাওয়ায় এবং স্লুইসগেটের সামনে অতিরিক্ত পলি জমায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয় জনপদে।
তবে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম। তিনি বলেন, এক কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দে শৈলমারী গেটের মুখ থেকে সালতা মোহনা পর্যন্ত পলি অপসারণের কাজ চলছে। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য দুটি ৩৫ কিউসেক পাম্প চালু রয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে শৈলমারী নদীর সাড়ে ১৫ কিলোমিটার ড্রেজিং, উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচটি পাম্প স্থাপন এবং ২৪টি খাল পুনঃখনন প্রকল্পের সমীক্ষা এখনও চলমান।











































