নিজস্ব প্রতিনিধি
জুমার নামাজ আদায়ের আগে পুকুরে গোসলে নেমেছিলেন চতুর্থ শ্রেণির ছাত্র মুরছালিন। তবে সেখান থেকে আর প্রাণ নিয়ে ফেরা হলো না তার। পরিবারের অভিযোগ পুকুরে গোসল করতে গেলে প্রতিবেশী এক কিশোর তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় অভিযুক্ত ও তার মাকে থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কাসেমপুর গ্রামে সরদার পাড়ায় বাড়ির পাশে একটি পুকুরে গোসল করার সময় কালাগাছের ভেলায় চড়ে খেলছিল ১২ বছর বয়সের মুরছালিন ও প্রতিবেশী মাহফুজুর রহমান শাওন। কিছুক্ষন পরে মুরছালিন চলে যেতে চাইলে শাওন তাকে জোর করে ধরে রাখতে পানিতে ডুবিয়ে রাখার এক পর্যায়ে শিশুটি মারা যায়। মুরছালিন মারা গেছে বলতে বলতে শাওন বাড়িতে চলে যায়। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ভিকটমের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে শিশুটিকে হত্যার অভিযোগে বুদ্ধি প্রতিবন্ধী শাওন ও তার মা নাজমা আক্তারকে বেঁধে মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মুরছালিন একই এলাকার রাজু আহমেদের ছেলে ও শাওন প্রতিবেশী আবু সাঈদের ছেলে।
নিহত মুরছালিনের মা রেহানা খাতুন জানান, ছেলে নামাজ আদায় করার জন্য গোসল করতে যায়। সকালে লেবু পাড়ার জের ধরে পরিকল্পিত ভাবে শাওন তার মায়ের ইন্ধনে মুরছালিনকে হত্যা করেছে। তাদের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, কাসেমপুর সর্দার পাড়া গ্রামস্থ নজরুল ইসলাম বাবুর বাড়ির পাশে জনৈক মাজেদ এর পুকুরে এ ঘটনা ঘটে। সেখানে শাওন ও তার মা নাজমা আক্তারকে বেঁধে রেখেছিল। তাদেরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











































