স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক দিনেই ৬টি মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে শুক্রবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত এসব মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে আনা হয়। জেলা ও আশপাশের বিভিন্ন এলাকায় এসব মরদেহের মধ্যে ৪টি হত্যাকাণ্ড, একটি আত্মহত্যা ও পানিতে পড়ে মৃত্যুর ঘটনা। শুক্রবার (৫ আগস্ট) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। হাসপাতাল সূত্র থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে পারভিন বেগম (৩৮) এক গৃহবধূ নিহত হন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাশ শেখ পলাতক রয়েছেন। শুক্রবার সকালে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
রাতে একই উপজেলায় দুবৃত্তদের গুলিতে নিহত হন ইমরান হোসেন মানিক (৩২) নামে এক যুবক। মধ্যরাতে ইমরান হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরের আগে তার মরদেহটিও ময়নাতদন্তের পরে পরিবারের কাছে দেয়া হয়।
গত বুধবার রাতে যশোরের অভয়নগর উপজেলায় শামীম শেখ (২০) নামে এক যুবককে গুলি করে আহত করে দুবৃত্তরা। শামীমের শরীরের একাধিক স্থানে গুলি লাগে। স্থানীয়রা তাকে প্রথমে ফুলতলা উপজেলা হাসপাতালে নিয়ে আসে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শুক্রবার সকালে মরদেহ নেয়া হয় মর্গে। দুপুরের আগেই ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া একই দিনে রূপসায় পানিতে এক শিশুর মৃত্যু ও পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ও ডুমুরিয়ার অপর একটি অপমৃত্যুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ বলেন, ‘আমাদের স্বল্প সক্ষমতার মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি মরদেহগুলো ময়নাতদন্ত সম্পন্ন করতে। শুক্রবার বা ছুটির দিনেও যারা দায়িত্বে থাকেন তাদের কাজ করতে হয়।’











































