স্পোর্টস ডেস্ক:।।
তিন বছর পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার রস টেলর। তবে এবার টেলর খেলবেন এক নতুন পরিচয়ে, মায়ের দেশ সামোয়ার হয়ে। ওমানে হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে দেশটির ১৫ জনের স্কোয়াডে আছেন টেলর। এ টুর্নামেন্টের শীর্ষ তিনটি দল আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় মূল আসরে খেলার টিকিট পাবে।
ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র সামোয়া বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড ঘোষণা করে আজ। সেখানে সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছে টেলরের নাম। নিউজিল্যান্ডের হয়ে ৪৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা টেলর কিউইদের হয়ে শেষ ম্যাচটি খেলেন ২০২২-এর এপ্রিলে। আইসিসি’র নিয়ম বলছে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর অন্য কোনো দেশের হয়ে খেলতে অন্তত তিন বছরের সময়সীমা পার করতে হয়। সে হিসেবে টেলর ইতিমধ্যে সামোয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার খবর ৪১ বছর বয়সী টেলর নিজেই দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘অবসর ভেঙে আবার মাঠে ফিরছি।
এখন এটি আনুষ্ঠানিক, গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি সামোয়ার হয়ে ক্রিকেট খেলব, প্রতিনিধিত্ব করব। এই ফেরা শুধু খেলার প্রতি ভালোবাসা থেকে নয়, বরং আমার সংস্কৃতি, ঐতিহ্য, গ্রাম আর পরিবারকে প্রতিনিধিত্ব করার গর্বও এর সঙ্গে জড়িত। আবার মাঠে নামতে, দলের সঙ্গে খেলতে এবং আমার অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। এবার মাঠে নামার পালা।’ টেলরের মা লোটে গতবছর পৃথিবী থেকে বিদায় নেন। ইনস্টাগ্রামেই টেলর কোডে স্পোর্টসকে জানান, ছোটবেলা থেকেই তার মা তাদের মধ্যে সামোয়ান সংস্কৃতি ঢুকিয়ে দেন এবং তারা সামোয়ান ভাষায় কথা বলেই তারা বেড়ে ওঠেন। মা মারা যাওয়ার আগেই টেলর তাকে জানানোর সুযোগ পান যে সামোয়ার হয়ে খেলার সুযোগ এসেছে।
নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টেলরের মোট রান ১৮,১৯৯, যা কি না দেশটির ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ রানের মালিক কেইন উইলিয়ামসন (১৯,০৮৬)। সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকার সেরা দু’জনও তারাই, উইলিয়ামসনের ৪৮টি ও টেলরের ৪০টি। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সামোয়ার হয়ে খেলবেন আরেক বড় নাম। ব্ল্যাক ক্যাপদের ঘরোয়া ক্রিকেটে অকল্যান্ডের হয়ে অনেক বছর ধরে খেলা ৩২ বছর বয়সী শন সোলিয়াও খেলবেন সামোয়ার হয়ে।











































