Home খেলাধুলা শিরোপা লড়াইয়ে সাবালেঙ্কার সামনে আনিসিমোভা

শিরোপা লড়াইয়ে সাবালেঙ্কার সামনে আনিসিমোভা

9


​​​​​​​স্পোর্টস রিপোর্টার।।
ইউএস ওপেনে আজ মেয়েদের এককের ফাইনালে বেলারুশের আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভা। বাংলাদেশ সময় রাত ২টায় আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। ফাইনালে তিনি হট ফেভারিট। এবার তার সামনে আমেরিকান প্রতিপক্ষ আনিসিমোভা। যিনি জাপানিজ নাওমি ওসাকাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করেছেন। তবে মজার ব্যাপার হলো গত জুলাইয়ে উইম্বলডনের সেমিফাইনালে এই আনিসিমোভার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মেয়েদের বিশ্ব র?্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় সাবালেঙ্কাকে। বছরের শেষ গ্র্যান্ডস্লামে সেই হারের বদলা নেওয়ার সুযোগ তার সামনে।

ইউএস ওপেনের সেমিফাইনালে সাবালেঙ্কা জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার এই গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি বেলারুশিয়ান তারকার সামনে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। সাবালেঙ্কা সর্বশেষ পাঁচটি গ্র্যান্ডস্লামের মধ্যে চারটিতেই ফাইনাল খেলেছেন। সাবালেঙ্কা বলেছেন, ‘আমি সত্যিই নিজেকে আরেকটি সুযোগ দিতে চেয়েছিলাম, আরেকটি ফাইনাল। আর আমি নিজের কাছে নিজেকে প্রমাণ করতে চাই যে আমি সেই কঠিন মুহূর্তগুলো থেকে শিখেছি এবং ফাইনালে যেন আরও ভালো করতে পারি।’

নারী এককের আরেক সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভা ওসাকাকে ৬-৭ (৪/৭), ৭-৬ (৭/৩), ৬-৩ গেমে হারিয়ে গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে ওঠা আনিসিমোভা বলেছেন, ‘শেষ পর্যন্ত জিততে পারব কি না, নিশ্চিত ছিলাম না। আমি অনেক চেষ্টা করেছি। দারুণ লড়াই হয়েছে। এটা আমার কাছে অনেক বড় কিছু। আমি এখন সেটা উপলব্ধি করার চেষ্টা করছি। এটা যেন একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে, কিন্তু এখন আমি ফাইনালে আছি এবং এতেই রোমাঞ্চিত।’