স্পোর্টস ডেস্ক:।।
ঘরের মাঠে সম্ভব্য শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) কোনো প্রীতি ম্যাচের আয়োজন না করলে এটিই হয়ে থাকবে জাদুকরের নিজ দেশের মাটিতে শেষ ম্যাচ। এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে মেসিও করেন জোড়া গোল। এখন ভক্তদের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঁকি দিচ্ছে, মহাতারকা বিশ্বকাপে খেলবেন তো? ম্যাচ শেষে মেসি জানালেন, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
মাঠে গা গরম থেকে ম্যাচ শুরুর বাঁশি বাঁজা পর্যন্ত যতবার ক্যামেরা মেসির দিকে ঘুরেছে, ততবার দেখা গেছে এক ভিন্ন মেসিকে। চোখ দুটি কেমন যেন ছলছল করছে। ওদিকে গ্যালারিতে উপস্থিত পুরো পরিবার। জাতীয় সঙ্গীতের সময় বাবার পাশে এসে দাঁড়ায় মেসির তিন ছেলে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শেষ পর্যন্ত একচেটিয়া দাপটেই জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের পর মেসি জানান, একপ্রকার স্বপ্নপূরণই হয়েছে তার। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘(দেশের মাটিতে) এখানে এভাবে শেষ করার স্বপ্ন সবসময় দেখেছি। নিজের দেশে, নিজের মানুষদের সঙ্গে নিয়ে এটির স্বপ্ন ছিল।’ এরপর চলে আসে সেই অবধারিত প্রশ্ন, আসন্ন ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। মেসির উত্তর, ‘দেখা যাক।’ ঘরের মাঠের শেষ ম্যাচ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী মেসি বলেন, ‘এই মাঠে আমি অনেক অনুভূতির মধ্যে দিয়ে গেছি, অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করেছি।
আর্জেন্টিনায় আমাদের মানুষদের সামনে খেলাটা সব সময়ই আনন্দের। অনেক বছর ধরেই আমরা একের পর এক ম্যাচ উপভোগ করছি। আমি খুব খুশি, এখানে এইভাবে শেষ করতে পারা, এটিই ছিল আমার স্বপ্ন।’ মেসি আরও বলেন, ‘অনেক বছর ধরে অনেক কথা বলা হয়েছে। তবে আমি শুধু ভালো দিকগুলোই মনে রাখতে চাই। আমরা (সতীর্থ) একসঙ্গে যা কিছু অনুভব করেছি তা দারুণ ছিল। আজ এখানে পয়েন্টের জন্য আমার শেষ (প্রতিযোগিতামূলক) ম্যাচ ছিল।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সবার উপরেই আর্জেন্টিনা। ১০ পয়েন্ট কমে দুইয়ে ব্রাজিল। বিশ্বকাপের মূলপর্ব আগেই নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। যদিও মেসি জানান, তার বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে। তবে খেলা চালিয়ে যেতে পারবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে টুর্নামেন্টের আগের সময়টাতে নিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন তিনি। তাই মেসি সরাসরিই বলেন, ‘দেখা যাক কী হয়। বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি।’











































