স্পোর্টস ডেস্ক।।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আজ বৃহস্পতিবার দুপুর থেকেই রূপ নেয় ক্রিকেটারদের মিলনমেলা। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা একে অপরের সঙ্গে দেখা করে মেতে উঠেন আড্ডায়। এমন উৎসবমুখর পরিবেশের পেছনে ছিল একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ—ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোট দিতে আসেন সাদা পাঞ্জাবি পরে। তারকাখ্যাতির কারণে সব সময়ই তাকে ঘিরে কৌতূহল থাকে, তবে সম্প্রতি বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে কোয়াবের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথাও শোনা গিয়েছিল তার ব্যাপারে।
তবে শেষ পর্যন্ত কোয়াব নির্বাচনে অংশ নেননি তামিম। কারণ জানতে চাইলে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েই বুঝিয়ে দেন, ‘আপনারাও জানেন আমি কী কারণে আসিনি। আশা করি বুঝতে পারবেন।’ এতে ধারণা করা যায়, বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন বলেই কোয়াব কমিটিতে থাকা সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, কোয়াবের এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কেবল সভাপতি পদে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ মিঠুন। বাকি ১০টি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা।
গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর কোয়াবের পুরোনো কমিটি—সভাপতি নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদত্যাগ করেন। পরবর্তী সময়ে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান সেলিম শাহেদ। তার নেতৃত্বে গঠিত কমিটিই নির্বাচনের দায়িত্ব পালন করছে।
তামিম ইকবাল মনে করেন, কোয়াব পরিচালনায় এখনো কিছু ঘাটতি আছে। তবে তিনি আশাবাদী, নতুন কমিটির অধীনে আগামী দুই বছরে সেসব ঠিক হয়ে যাবে। তার ভাষায়, ‘অনেক কিছু নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, ওমন হতে পারত। তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল—নির্বাচনটা হয়ে যাক, একটি নিয়মিত কমিটি গঠিত হোক। তারপর তাদের হাতে সময় থাকবে সিস্টেম গুছিয়ে নেওয়ার। এখন পর্যন্ত যা দেখছি, ভালো লাগছে।’











































