Home খেলাধুলা সব ধরনের ক্রিকেটকে থেকে অবসরে ভারতীয় স্পিনার

সব ধরনের ক্রিকেটকে থেকে অবসরে ভারতীয় স্পিনার

15


স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটের এক সময়ের নির্ভরযোগ্য লেগ স্পিনার অমিত মিশ্র দীর্ঘ ২৫ বছরের ক্রিকেট জীবনের ইতি টানলেন। তার বয়স প্রায় ৪৩। জাতীয় দলে ফেরার আশাও অনেক আগেই ফিকে হয়েছে। অবশেষে নিজেই নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসর জানিয়ে আবেগঘন বার্তা দেন মিশ্র। সেখানে লেখেন, ‘২৫ বছরের পথচলার পর আমি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি—এই খেলাই আমার জীবনের প্রথম প্রেম, সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

ফলে ২০২৪ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলা ম্যাচটিই হয়ে থাকল তার পেশাদার ক্রিকেটে শেষ ম্যাচ। যেখানে বিদায় বললেন এমন এক কীর্তি নিয়ে, যেটি এখনও কেউ ছুঁতে পারেননি—একমাত্র বোলার হিসেবে আইপিএলে তিনবার হ্যাটট্রিক করার নজির তারই দখলে (২০০৮, ২০১১, ২০১৩ সালে)।

মোট ১৬২টি আইপিএল ম্যাচে মিশ্রর উইকেট সংখ্যা ১৭৪। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অষ্টম স্থানে আছেন তিনি।

ডানহাতি লেগস্পিনারের ২০০৩ সালে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক, এরপর ২০১৭ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন সক্রিয়। তবে কখনোই স্থায়ী জায়গা করে নিতে পারেননি। ওয়ানডেতে ৩৬ ম্যাচে ৬৪ উইকেট, টেস্টে ২২ ম্যাচে ৭৬ উইকেট—যার মধ্যে অভিষেকে নেওয়া পাঁচ উইকেটই ছিল সেরা সাফল্য। টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেছেন মাত্র ১০টি ম্যাচ, উইকেট নিয়েছেন ১৬টি।

যদিও আন্তর্জাতিক পর্যায়ে যতটা আলো ছড়াতে পারেননি, ভারতের ঘরোয়া ক্রিকেটে মিশ্র ছিলেন অন্যতম সেরা স্পিনার। হরিয়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫২ ম্যাচে নিয়েছেন ৫৩৫ উইকেট, যার মধ্যে রয়েছে ২১টি পাঁচ উইকেটের ইনিংস।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫২ উইকেট, টি-টোয়েন্টিতে ২৫৯ ম্যাচে ২৮৫ উইকেট—প্রমাণ করে, এই ফরম্যাটেও তিনি কতটা ধারাবাহিক ছিলেন।

বোলার হলেও ব্যাটিংয়ে একবার আলো ছড়িয়েছিলেন মিশ্র। ২০২১ সালে রঞ্জি ট্রফিতে কর্নাটকার বিপক্ষে খেলেছিলেন ২০২ রানের অপরাজিত ইনিংস, যা তার ক্যারিয়ারের একমাত্র শতক এবং তা-ও আবার ডাবল।

আমিত মিশ্রা হয়তো কিংবদন্তি নন, তবে ভারতীয় ক্রিকেটে তার অবদান অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে আইপিএলে তার অর্জন তাকে একটি বিশেষ জায়গায় পৌঁছে দিয়েছে। পরিসংখ্যান, সংগ্রাম, আর সাফল্যের মিশেলে গড়া এই লেগ স্পিনারের ক্যারিয়ার আজ ইতিহাসের অংশ হয়ে রইল।