খুলনাঞ্চল রিপোর্ট।।
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ (দরিখরবোনা) এলাকায় একটি বাড়িতে অবস্থিত কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই ও বিএনপি নেতা শফিউল আলম লাটকুর ছেলে মোস্তসেরুল আলম অনিন্দো রয়েছেন। তিনি ওই কোচিং সেন্টারটির মালিক ও ইংরেজি বিভাগের শিক্ষক। আটক অপর দুজন হলেন অনিন্দোর বন্ধু ফয়সাল আহমেদ (২৮) ও স্থানীয় কাদিরগঞ্জ মসজিদের খাদেম রবিন ইসলাম (২৮)।
তারাও ওই কোচিং সেন্টারে কর্মরত ছিলেন।
দুপুরে রাজশাহী সেনা ক্যাম্পের কমান্ডার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড)-এর একটি বিশেষ অভিযান পারিচালিত হয়। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পারিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শুরু হওয়া এ অভিযানে উদ্ধার করা হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশি অস্ত্র, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট, সাত হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ।
এর আগে হলি আর্টিজান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অনিন্দো। কোচিং সেন্টারটি অনিন্দোদের পৈতৃক সম্পত্তিতে অবস্থিত। পাশেই তাদের বাড়ি। এ ছাড়া সেখানে রয়েছে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনের বাড়ি।
অনিন্দোর বাবা শফিউল আলম লাটকু মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি। তবে তার ভাই লোটন বর্তমানে পলাতক। আর সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনও পলাতক। তার বাড়ি নগরীর উপশহর এলাকায়। তবে ঘটনাস্থলের পাশেই রয়েছে লিটনের বাবার কবরস্থান।
আশপাশে লিটনের পৈতৃক সম্পত্তিও রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযান চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।’









































