Home খেলাধুলা এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

53


স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকে টি-টোয়েন্টি দলে আর জায়গা হয়নি নাহিদ রানার। সেই সফরের পর থেকেই এই ফরম্যাটে খেলছেন না নাজমুল হোসেন শান্তও। তবে সামনে আসা নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে ঘিরে নতুন করে সুযোগের আলো দেখতে পাচ্ছেন দুজনই। ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাদের।

এই প্রাথমিক দল নিয়ে বুধবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ফিটনেস ক্যাম্প। ছুটিতে থাকা জাতীয় দলের কোচিং স্টাফ ১০ থেকে ১২ আগস্টের মধ্যে ঢাকায় ফিরবেন। এরপর ১৫ আগস্ট শুরু হবে স্কিল ক্যাম্প, যা ২০ আগস্ট থেকে চলবে সিলেটে।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করছে বিসিবি। সিরিজটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ডাচরা বাংলাদেশে আসবে ২৬ আগস্ট।

এই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ ‘এ’ দলের পাঁচ ক্রিকেটার—নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, হাসান মাহমুদ ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে তারা বৃহস্পতিবারই ঢাকা ছাড়ছেন, তাই ফিটনেস ক্যাম্পে থাকবেন না। যদিও এশিয়া কাপের দল গঠনে তাদের বিবেচনায় রাখা হবে।

দলে থাকা ক্রিকেটারদের মধ্যে অঙ্কন ছাড়া সবাই বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টি খেলেছেন। জাতীয় দলে এখনো না খেলা কোনো নতুন মুখ রাখা হয়নি এই প্রাথমিক দলে।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

বাংলাদেশের প্রাথমিক দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নুরল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।