স্টাফ রিপোর্টার ।।
খুলনায় বিএনপি নাম ব্যবহার করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খুলনার শিরোমনির কেন্দ্রীয় পণ্য কারাগারে নিলাম টেন্ডারবাজির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এ ঘটনার প্রতিকার দাবি করে খুলনার ৫৩ জন ব্যবসায়ী দলটির মহানগর নেতাদের কাছে অভিযোগ করেছেন। অভিযুক্ত আবু সাঈদ আব্বাস খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সোহাগ মোল্লা নগরীর খানজাহান আলী থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক। সোহাগ গত মার্চ মাসে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দুই প্রকৌশলীকে ঠিকাদারি কাজে ১০ শতাংশের বেশি প্রোফিট যুক্ত করে দর বৃদ্ধির জন্য হুমকি দিয়ে দল থেকে সাময়িক বহিস্কৃত হয়েছিলেন। পরে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বুধবার মহানগর দপ্তর সেলে সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবার ব্যবসায়ীরা স্বাক্ষর করে এ অভিযোগ জমা দেন। যাদের অধিকাংশ ব্যবসায়ী নগরীর শেখপাড়ার, দুজন রাজশাহী জেলার। অবশ্য আনীত অভিযোগ অস্বীকার করেছেন থানা সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা।
ব্যবসায়ীরা বলেছেন, কোন ব্যক্তি বা দুস্কৃতিকারীর কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত সেটি তারা চান না। তারা বিষয়টি সুষ্ঠ তদন্ত করে বিএনপির সুনামর বিষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেও খোঁজ নিয়ে জান গেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খুলনার শিরোমনি এলাকার কেন্দ্রীয় পণ্যগারে সম্প্রতি ৫৫টি পুরনো আইটেমের নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিলামে অন্তভূক্ত পণ্যের মধ্যে ছিল শিপিং কন্টেইনার ছিল ১০টি, খালি ছিল ১৩৩ টি, ডি-১২ তার ছিল ১২ কিলোমিটার, ডি-১৪ তার ছিল ১২৫ কিলোমিটার, আইরোন ড্রাম ছিল ৩৪০ টি, মিটার ৩২ টিসহ অন্যান্য মালামাল। গত ২২ জুন টেন্ডারের সিডিউল বিক্রি ও ২৩ জুন বেলা ১২টা পর্যন্ত দাখিল করা হয়। ৫০০ টাকার সিডিউল মূল্যে ৪১০ জন ব্যবসায়ী দরপত্র ক্রয় করেন। তবে দাখিল করেন মাত্র ১৪ জন। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটটি পুরো নিয়ন্ত্রণ করেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা। নিলামকৃত টেন্ডারের মালামালের দাম কোটি টাকারও বেশি। কিন্তু খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ আব্বাস ও সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা টেন্ডার সিণ্ডিকেটের সর্বসম্মতিক্রমে স্বৈরাচারী আমলে সুবিধা নেওয়া ব্যবসায়ী সুভাষ দত্ত এন্টারপ্রাইজকে কোটি টাকার বেশী মূল্যের কাজটি পাইয়ে দিয়েছেন। আর তারা ৪৩ লাখ ৭৩ হাজার টাকা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন।
লিখিত অভিযোগে ব্যবসায়ীরা জানান, তারা সরকারি-বেসরকারি নিলাম ক্রয়-বিক্রয় ব্যবসায়ী। গত ২২ জুন খুলনা বিদ্যুতায়ন বোর্ড শিরোমনি কিছু মালামাল নিলামে বিক্রি আহবান করে। তারা ওই নিলামে অংশগ্রহণ করতে গেলে সেখানকার স্থানীয় বিএনপি নেতারা দরপত্র জমা দিতে বাঁধা দেন। খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ আব্বাসের অনুমতি লাগবে। ব্যবসায়ীর তখন আবু সাঈদ আব্বাসের সাথে যোগাযোগ করেন। তিনি ব্যবসায়ীদের ৫ সদস্য বিশিষ্ট সিন্ডিকেট কমিটি করে দেওয়ার বিষয়টি জানান ও তাদের কথা অনুযায়ী কাজ করতে নির্দেশ দেন। এক পর্যায়ে বাধাদানকারীরা ব্যবসায়ীদের সিডিউল কেন নেওয়া হয়। ব্যবসায়ীদের তালিকা অনুযায়ী লভ্যাংশ দেওয়া হবে বলে ওই বিএনপি নেতারা জানান।
ভুক্তভোগীরা ব্যবসায়ীরা আরো বলেন, বাধ্য হয়ে ব্যবসায়ীরা সিণ্ডিকেটে রাজি হয়। ওই সিণ্ডিকেট কমিটি সুভাষ দত্ত নামের ব্যবসায়ীকে কাজটি পাইয়ে দেন। পরবর্তী পর্যায়ে ওই কাজটি ব্যবসায়ীরা নিজেদের মধ্যে দ্বিতীয় ডাক উঠান। তখন সুভাষ দত্ত কাজটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা লভ্যাংশ দেন। যা অংশগ্রহণকারীদের ব্যবসায়ীদের মধ্যে সমান ভাগও হওয়ার কথা। কিন্তু সিণ্ডিকেট কমিটি ওই টাকা পরে দেওয়া হবে ব্যবসায়ীদের চলে যেতে বলে। এ ঘটনার ২০দিনেও তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। ব্যবসায়ীরা সিণ্ডিকেট কমিটির সঙ্গে যোগাযোগ করলে তারা আবু সাঈদ আব্বাস সব টাকা নিয়ে গেছে বলে জানায় ও তার সঙ্গে যোগাযোগ করতে বলে। ব্যবসায়ীরা আব্বাাসের সঙ্গে যোগাযোগ করলে তাদের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার ও হুমকি দেওয়া হয়। আবার কাউকে দুই-এক হাজার টাকা নিয়ে চুপ থাকতে বলা হয়। যা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিগত দিনের চেয়ে বর্তমান পরিস্থিতি আরো ন্যাক্কারজনক।
ব্যবসায়ীরা এমন ঘটনায় আতংকিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে নগর বিএনপি নেতাদের কাছে অভিযোগ করেন। তারা বলেন, এমন অবস্থা চলতে থাকলে তারা পরিববার-পরিজন নিয়ে পথে বসবেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ( চঃদাঃ) মো: আবু সাঈদ সাংবাদিকদের জানান, নিলামের ৪১০টি সিডিউল বিক্রি হয়েছিল। এরমধ্যে ১৪টি জমা পড়ে। দরপত্রের বিধান মেনে কাজটি দেওয়া হয়েছে। অফিসের কোন অনিয়ম হয়নি, বাইরে কিছু হলেও সে বিষয় জানানেই।
ব্যবসায়ী সুভাষ দত্ত অবশ্য সিণ্ডিকেট নিয়ে কোন কথা বলেননি। তিনি সাংবাদিকদের জানান, তিনি দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছেন। ইতিমধ্যে নিয়ম মেনে অফিসে ৮০ লাখ টাকা সাথে ভ্যাট ও ট্যাক্স জমা দিয়েছেন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির দপ্তর ইনচার্জ মো: শফিকুল ইসলাম টিপু। তিনি বলেন, ব্যবসায়ীদের একটি অভিযোগ পেয়েছি। এটি সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উপস্থাপন করা হবে। তারা মনিটরিং সেলের মাধ্যমে বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ আব্বাসের মুঠো যোগাযোগ করা হলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি। তবে দলটির থানা সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা বলেন, ‘আমি বা আমার পরিবার কোন টেণ্ডারের সঙ্গে জড়িত নই। বিশেষ করে ভাঙারী ব্যবসা পছন্দের নয়। এটি ব্যবসায়ীদের বিষয়। কেউ যদি লিখিত অভিযোগ দেন, তার দায় সেই ব্যক্তির। তবে আমি ব্যক্তিগতভাবে এমন কাজের সাথে নেই।’











































