স্টাফ রিপোর্টার।।
এক, দুই বা তিন বছর নয়, প্রতিষ্ঠার ১০ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। মাত্র দুটি অনুষদে ৬০জন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়টির এখন শিক্ষার্থী সংখ্যা ৭৩০ জন। আর বর্তমানে ৫টি অনুষদে ৪৫টি বিভাগে প্রতিবছর এই বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে যুক্ত হচ্ছেন আরো ১৫০শিক্ষার্থী। সেই সাথে বেড়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও। কিন্তু স্থায়ী ক্যাম্পাস, ছাত্রাবাস না থাকায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। মহানগরীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ভাড়া করা ভবনে পুর্ণাঙ্গ এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালানো হলেও স্থায়ী গবেষণা, পর্যবেক্ষণ পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এতে যেমন বিশ্বমানের মানব সম্পদ তৈরী ব্যহত হচ্ছে, তেমনি শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি ও কৃষক নতুন নতুন উদ্যোগ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১৪ জুলাই জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৯ জানুয়ারি সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন, ১৩ ফেব্রুয়ারি ৩ টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুষদ ও শিক্ষার্থী ভর্তি অনুমোদন পায় কৃষি বিশ্ববিদ্যালয়। মঞ্জুরি কমিশনের অনুমোদন পেয়ে ওই বছর ৯ মার্চ খুলনা পলিটেকনিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা এবং ১৩ ও ১৪ মার্চ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করে। একই বছরের ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদে ভর্তি হওয়া ৬০ জন শিক্ষার্থী নিয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কার্যক্রমের শুরু করে। কিন্তু দীর্ঘ এই পথ পরিক্রমনায় স্থায়ী ক্যাম্পাস পায়নি এই বিশ্ববিদ্যালয়টি।
খুলনা সিটি করপোরেশনের কাছ থেকে দৌলতপুর কলেজিয়েট স্কুল ভাড়া নিয়ে চলছে অস্থায়ী প্রথম ক্যাম্পাসের কার্যক্রম। সেখানে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষের সুবিধা। টিনসেড ঘরে কেন্দ্রেীয় গ্রন্থাগারের সাইনবোর্ড থাকলেও নেই বই। ক্যাম্পাসের অভাবে হয়নি ল্যাব সুবিধাও। নগরীর সোনাডাঙ্গা আবাসিকে ভাড়া নিয়ে উপাচার্যের দপ্তর, দৌলতপুরে ভাড়া নিয়ে ছাত্র হল ও বয়রায় অস্থায়ী ছাত্রী হল চালু রাখা হয়েছে। আর দীর্ঘদিন ধরে ঝুলে আছে আড়ংঘাটা এলাকার ২৫০ একর জমি গ্রহণের ফাইল।
বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের প্রধান মীর রিফাত জাহান উষা বলেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি উন্নয়ন ও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টি স্থাপন হলে সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কাজ বিঘ্নিত হচ্ছে। যেটি আমাদের জন্যও কষ্টের।
সয়েল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান মো: জোনায়েত বলেন, ‘আমরা গবেষণা বা কাজের জন্য কোথাও কোন প্রস্তাবনা পাঠালে বিড়ম্বনার শিকার হই। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শুধু বঞ্চিতই নয়, অপমানের শিকার হয়। যার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২৫০ একর জায়গা নির্ধারিত আছে। প্রকল্পটি আমরা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটি বর্তমানে মন্ত্রণালয়ের বিবেচনাধীন। জায়গাটি বর্তমানে যে অস্থায়ী ক্যাম্পাস তার আশপাশেই। ক্যাম্পাসের যে ডিপিপিটি বর্তমানে প্রক্রিয়াধীন। আশা করছি দ্রুত এটি বাস্তবায়ন হবে।’











































